নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় মহকুমা শাসককে (এসডিও) প্রশাসক নিয়োগ করায় মামলা দায়ের হল হাইকোর্টে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে কেন এসডিওকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ১০ কাউন্সিলার। তাঁদের সমর্থন জানিয়েছেন কংগ্রেস ও বিজেপি কাউন্সিলাররাও। চলতি সপ্তাহে বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে। ঘটনা হল, গত ১৬ মে রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ১০ কাউন্সিলার। সেই প্রস্তাবে সমর্থন জানান, দুই কংগ্রেস এবং এক বিজেপি কাউন্সিলার। এরপর গত ১৯ মে পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, নিয়ম মতো ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নিয়োগ না করে এসডিওকে পুরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন রঘুনাথপুর পুরসভার ১৩ জন কাউন্সিলার। তাঁদের বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে অনাস্থা আনা হয়। নিয়মমতো কাউন্সিলাররা ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করতেন। কিন্তু সেই অধিকার না দিয়েই প্রশাসক নিয়োগ করা হল।



