Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভূমিপুত্রেরই বানানো প্রতীক বদল, টাকার চিহ্নকে তামিল হরফে রূপান্তর স্ট্যালিনের

‘রুপিয়া’ নয়, ‘রুবাই’। রাজ্য বাজেটের প্রচার নথিতে ভারতীয় মুদ্রার প্রচলিত প্রতীককে (রুপি সিম্বল) তামিল হরফে বদলে ফেলল তামিলনাড়ুর ডিএমকে সরকার।

ভূমিপুত্রেরই বানানো প্রতীক বদল, টাকার চিহ্নকে তামিল হরফে রূপান্তর স্ট্যালিনের
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই ও নয়াদিল্লি: ‘রুপিয়া’ নয়, ‘রুবাই’। রাজ্য বাজেটের প্রচার নথিতে ভারতীয় মুদ্রার প্রচলিত প্রতীককে (রুপি সিম্বল) তামিল হরফে বদলে ফেলল তামিলনাড়ুর ডিএমকে সরকার। হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করেছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। নয়া জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিনটি ভাষাশিক্ষা বাধ্যতামূলক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। তারই মধ্যে এবার রাজ্য বাজেট সংক্রান্ত নথিতে টাকার প্রতীককে তামিল হরফে বদলে ফেলা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোট। রাজ্য বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতির অভিযোগ, সাধারণ মানুষের ন্যূনতম প্রয়োজনগুলি মেটাতে ব্যর্থ হয়েছেন স্ট্যালিন। তাই ভোটের আগে নজর ঘোরাতেই ডিএমকে সুপ্রিমো এসব করছেন। একধাপ এগিয়ে স্ট্যালিনকে ‘নির্বোধ’ বলে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই। 

Advertisement

এক্স হ্যান্ডলে আন্নামালাই লিখেছেন, রুপি সিম্বলটির নকশা বানিয়েছিলেন একজন তামিলিয়ান। তিনি হলেন প্রাক্তন এক ডিএমকে বিধায়কের ছেলে তিরু উদয় কুমার। আপনি (স্ট্যালিন) আর কত নির্বোধ হবেন? প্রবীণ বিজেপি নেত্রী তথা প্রাক্তন রাজ্য সভানেত্রী তামিলিসাই সৌন্দারাজনের তোপ, ডিএমকে সরকারের এধরনের পদক্ষেপ জাতীয় স্বার্থের পরিপন্থী ও সংবিধান বিরোধী। এসব না করে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বরং আগে তাঁর নাম তামিল ভাষায় পরিবর্তিত করুন।
তামিলনাড়ু বিধানসভায় রাজ্য বাজেট পেশের ঠিক আগের দিন বৃহস্পতিবার তামিল হরফে টাকার এই নয়া লোগো এক্স হ্যান্ডলে পোস্ট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী স্ট্যালিন। হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর 
বাগযুদ্ধ চরমে। তারই মধ্যে রাজ্য বাজেটের প্রচার নথিতে রুপি প্রতীকের তামিল রূপান্তর ঘিরে সংঘাত আরও বাড়ল। বাজেট সংক্রান্ত নথিতে তামিল হরফে নয়া লোগোর ছবি মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডলে পোস্ট করলেও এবিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে ডিএমকে নেতা সর্বানন আন্নাদুরাইয়ের বক্তব্য, এই পদক্ষেপ কোনওভাবেই আইন বিরুদ্ধে নয়। এটা কোনও ‘দেখনদারি’ নয়। আমরা তামিল ভাষাকে অগ্রাধিকার দিই। সেই কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

সম্পর্কিত সংবাদ