Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১০:২৬ সারের দাম বৃদ্ধি,  বিকল্প হিসেবে মিশ্রণ সার ব্যবহারে প্রচার 

১০:২৬ সারের দাম বৃদ্ধি,  বিকল্প হিসেবে মিশ্রণ সার ব্যবহারে প্রচার 
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: লাভজনক হওয়ায় আলু চাষের এলাকা বাড়ছে আলিপুরদুয়ার জেলাতেও। গতবছর ২০ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এ বছর চাষের এলাকা আরও বাড়বে বলেই মনে হচ্ছে। মরশুম শুরু হতেই আলুর ফলন বৃদ্ধির জন্য জেলায় রাসায়নিক ১০:২৬ সারের দাম উত্তরোত্তর বাড়ছে বলে অভিযোগ। আর কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সারের দাম বৃদ্ধিতে রাশ টানতে কৃষিদপ্তর বিকল্প হিসেবে চাষিদের মিশ্রন সার ব্যবহার করতে বলছে। এজন্য প্রচার অভিযানেও নেমেছে দপ্তর। 
Advertisement
জেলা কৃষিদপ্তরের অধিকর্তা নিখিল মণ্ডল বলেন, ১০:২৬ সারের দাম বৃদ্ধি ও কালোবাজারি রুখতে চাষিদের আলুতে মিশ্রন সার প্রয়োগের উপর জোর দিতে বলা হয়েছে। সারের দোকানগুলিতে লিফলেট সেঁটে দিয়ে প্রচার চলছে। পাশাপাশি ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। সারের দাম নিয়ে অনিয়মের অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
আলু চাষিরা জানিয়েছেন, আলুর ফলন বাড়তে সাহায্য করে ১০:২৬ সার। তাই আলু চাষের জন্য এই সারের ব্যাপক চাহিদা থাকে। কৃষকদের অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সারের দাম বাড়িয়েই চলেছে। সংশ্লিষ্ট একবস্তা অর্থাৎ ৫০ কেজি সারের দাম ১৪৭০ টাকা। ব্যাপক চাহিদা থাকায় সেই সারই কোথাও কোথাও ১০০-৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তাতেই মাথায় হাত পড়েছে প্রান্তিক আলু চাষিদের। এই অভিযোগ আসায় বিকল্প হিসেবে কৃষিদপ্তর চাষিদের মিশ্রন সার ব্যবহার করার জন্য লিফলেট ছড়িয়ে প্রচারে নেমেছে। 
কি এই মিশ্রণ সার? কৃষিদপ্তর জানিয়েছে, পটাশ, ফসফেট ও ইউরিয়া সার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তিন সারের মিশ্রণও আলুর ফলন বাড়াতে সহায়ক হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মিশ্রণ সারের বদলে কৃষকরা ১০:২৬ সারের উপর বেশি করে নির্ভরশীল হচ্ছেন। ফলে সংশ্লিষ্ট সারের দাম বাড়ছে। আর কৃষকদের এই অজ্ঞতার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিচ্ছে। 
যদিও আলিপুরদুয়ার জেলা কৃষি সার উপকরণ ব্যবসায়ী সমিতির সভাপতি সুপ্রিয় আইচ বলেন, সংগঠনের সদস্য সার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে তাঁরা যেন কোনওভাবেই নির্ধারিত দাম ছাড়া বেশি দাম না নেন।। পাশাপাশি কৃষিদপ্তরের এই প্রচারকেও আমরা স্বাগত জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ