নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম যাতে না বাড়ে তার জন্য বৃহস্পতিবার নবান্নে বিশেষ বৈঠক হয়েছে। পুজোর সময় বাজারে যাতে সরবরাহে ঘাটতি না-হয় তার জন্য নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুজোর সময় যান চলাচল স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাত থেকেই পণ্যবাহী যানবাহন শহরে ঢোকা ও বেরোনোর উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এদিন নবান্নের বৈঠকে ঠিক হয়েছে, সবজিসহ খাদ্যসামগ্রী বহনকারী ট্রাকগুলি পুজোর সময়েও রাত ২টো থেকে মোটামুটি সকাল ৭টা পর্যন্ত শহরে আসা-যাওয়া করতে পারবে। ছোটো পণ্যবাহী গাড়িগুলি বেলা ২টো পর্যন্ত চলতে পারবে। তবে সেই পণ্যবাহী গাড়িগুলিতে সেটি যে সবজি বা অন্যকোনও খাদ্যসামগ্রী বহন করছে তা লিখে রাখতে হবে।
কৃষি বিপণন ও কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনার ডাকা বৈঠকে কলকাতা ও রাজ্য পুলিসের শীর্ষ আধিকারিকরা ছাড়াও বিভিন্ন দপ্তর, কলকাতা পুরসভার আধিকারিকরা ছিলেন। রাজ্য সরকারের খাদ্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠকের পর টাস্ক ফোর্সের সদস্য কমল দে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করে তাঁকে সামগ্রিক পরিস্থিতি জানান। টাস্ক ফোর্সের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, বাজারে সবজির দাম স্থিতিশীল হয়েছে। সম্প্রতি যে অতিবৃষ্টি হয়েছে তাতে সবজির বিশেষ কোনও ক্ষতি হয়নি। কারণ বেশি পরিমাণে বৃষ্টি মূলত কলকাতা শহর এবং শহরতলির কিছু এলাকায় হয়েছে। পুজোর সময় খাদ্যসামগ্রী নিয়ে গাড়ি ঠিকমতো ঢুকতে পারলে বাজারে সরবরাহ বজায় থাকবে। তাহলে দামও বাড়বে না বলে টাস্ক ফোর্স আশা করছে। উপর থেকে নির্দেশ থাকলেও নীচের স্তরে পুলিশ অনেক সময় রাতে সবজির গাড়ি আটকে দিয়ে সমস্যা তৈরি করে সেই বিষয়টি শীর্ষ আধিকারিকদের নজরে এনেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। পুজোর মধ্যে টাস্ক ফোর্স বাজারে জিনিসের দামের উপর নজর রাখবে। -ফাইল চিত্র