নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গলায় ওড়নার ফাঁস দিয়ে মাকে খুন! তারপর বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা ঝুলিয়ে চম্পট দিয়েছিল ছেলে। মঙ্গলবার রাতে উদ্ধার হয় মায়ের দেহ। বাগুইআটির জগৎপুর কাঠপোল এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। তবে, পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। অভিযোগের কয়েক ঘণ্টা পরই নদীয়া জেলার মায়াপুর থেকে অভিযুক্তকে ছেলেকে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রুমা চক্রবর্তী (৪৩)। ধৃত ছেলের নাম রুদ্রদীপ সর্দার (২২)। সে রুমাদেবীর প্রথমপক্ষের সন্তান। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট হাতে আসার পর কীভাবে খুন হয়েছে, কবে খুন হয়েছে, তা সঠিক জানা যাবে। তবে, প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় স্বামীর সঙ্গে বাগুইআটির জগৎপুর কাঠপোল এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রুমাদেবী। তাঁর সঙ্গে বেশ কয়েকমাস ধরে তাঁর প্রথমপক্ষের ছেলের গন্ডগোল চলছিল। মঙ্গলবার রাতে রুমাদেবীর দ্বিতীয়পক্ষের স্বামী ফ্ল্যাটে ফিরে দেখেন, বাইরে থেকে দরজায় তালা ঝুলছে। তিনি ভাবেন, হয়ত আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়েছেন। খোঁজখবর নেওয়ার পর তিনি জানতে পারেন, রুমাদেবী কারো বাড়ি যাননি। এরপর তিনি ফ্ল্যাট মালিকের কাছে রাখা একটি চাবি নিয়ে দরজা খোলেন। দেখেন, রুমাদেবীর নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।



