Bartaman Logo
২ জুন, ২০২৬

ভোট চুরির ‘নতুন অস্ত্র’ এসআইআর, বিহারে যাত্রায় বেরিয়ে মন্তব্য রাহুলের

স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে কমিশনের উপর আরও চাপ বাড়ালেন রাহুল গান্ধী। সোমবার কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, ভোট চুরির নতুন অস্ত্র এখন এসআইআর।

ভোট চুরির ‘নতুন অস্ত্র’ এসআইআর, বিহারে যাত্রায় বেরিয়ে মন্তব্য রাহুলের
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৯:০৮

পাটনা: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে কমিশনের উপর আরও চাপ বাড়ালেন রাহুল গান্ধী। সোমবার কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, ভোট চুরির নতুন অস্ত্র এখন এসআইআর। বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন রাহুল গান্ধী। রবিবার তিনি সাসারামে ভোটার তালিকায় নাম না থাকা অনেকের সঙ্গে বৈঠক করেন। গত লোকসভা নির্বাচনে তাঁরা ভোট দিয়েছিলেন। এসআইআরের পর কমিশনের এবারের তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে। তাঁদের সঙ্গে কথপোকথনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে রাহুলের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখানে রাহুল বলেন ‘বিহারের বিধানসভা নির্বাচনের আগে গণতান্ত্রিক ভারত থেকে এঁদের পরিচয়, অস্তিত্ব মুছে ফেলা হয়েছে।’ এরপর শপথের ভঙ্গিতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, ‘ভোটারদের ভোটদানের অধিকার আমি রক্ষা করব।’

Advertisement

তাৎপর্যপূর্ণভাবে রাহুল তাঁর সঙ্গে ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের পরিচয় করিয়ে দিয়েছেন। এঁদের একজন প্রাক্তন সেনানী, একজন দলিত শ্রমজীবী, একজন একজন ওবিসি শ্রমজীবী, একশো দিনের কাজের একজন মহিলা কর্মী এবং একজন সংখ্যালঘু শ্রমজীবী। তাঁদের পরিচয় প্রকাশ করে রাহুল বলেন, ‘সামাজিক বৈষম্য এবং আর্থিক অবস্থার কারণে এঁরা ভোটিং সিস্টেমের সঙ্গে লড়তে পারবেন না। বিজেপি এবং নির্বাচন কমিশনের বোঝাপড়ার খেসারত দিচ্ছেন বহুজন এবং গরিব মানুষরা। এমনকি সেনাকর্মীরাও বাদ যাচ্ছেন না। তবে এঁদের এক ব্যক্তি, এক ভোটের অধিকারের জন্য আমি লড়াই চালিয়ে যাব।’ এদিন রাহুলের সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি। তাঁরা সকলে দেবকুণ্ড সূর্যমন্দিরে পুজো দেন। 
এদিকে, রাহুল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেবেন না বলে জানিয়ে দিল কংগ্রেস। এসআইআরের নামে বিহারে ভোট চুরি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন রাহুল। আর এরপরেই রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম না করে রাহুলকে এই নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে বলা হয়। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এর জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। চব্বিশ ঘণ্টাও কাটল না। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা স্বচ্ছ জানিয়ে সুপ্রিম কোর্টে আগে হলফনামা দিক কমিশন। এরপরই দলের পক্ষ থেকে তালিকার গরমিল তুলে পাল্টা হলফনামা দেওয়া হবে। সোমবার গয়াজিতে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘সিইসি জ্ঞানেশ কুমার হলফনামার হুমকি দিয়েছেন। নিজেদের তালিকার উপরই ভরসা নেই নির্বাচন কমিশনের।’

সম্পর্কিত সংবাদ