রাতে খেয়েছিলেন নুডলস, সকালে উদ্ধার একই পরিবারের ৫ জনের মৃতদেহ! নেপথ্যে বিষক্রিয়া?
  • ১৭ অক্টোবর, ২০২৬ ১৩:৫৪
Prefer us on Google

গ্রেটার নয়ডা, ১৭ অক্টোবর: রাতের ডিনারে ছিল চা আর নুডলস। আর সকালে পাওয়া গেল একই পরিবারের ৫ জনের নিথর দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়াল গ্রেটার নয়ডার রাবুপুরা থানা এলাকায়। তাহলে এমন কিছু কি ছিল তাঁদের খাবারে, যেকারনে মৃত্যু হয়েছে একই পরিবারের ওই ৫ জন সদস্যের? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের খাবার থেকে বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে তাঁদের। তবে কি নুডলসের সঙ্গেই মেশানো হয়েছিল বিষ? নাকি অন্যকিছু? গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement

মৃতদের নাম, মহেশ (৩৭) ও তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান। তাঁদের নাম, লাড্ডু (১১), মিষ্টি (৭) ও সাক্ষাৎ (৩)। তাঁরা সকলেই গ্রেটার নয়ডার রাবুপুরার  নগলা শ্রী পদম গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ আধিকারিকরা জিজ্ঞেস করলে মহেশের মা-ও একই দাবি করেন। বলেন, রাতে সকলেই নুডলস খেয়েছিল। এরপরে সকালে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তাঁদের কোনো সাড়াশব্দ না মেলায় বাড়িতে ঢুকে প্রতিবেশীরা দেখতে পান বিছানায় পরে রয়েছে তাঁদের মৃতদেহ। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাবুপুরা থানার পুলিশ। তবে কী কারণে এই মৃত্যু, তা নিশ্চিত করতে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। একইসঙ্গে তাঁদের ঘর থেকে সংগৃহীত খাদ্যের নমুনাও তদন্ত করে দেখা হচ্ছে, বলেই সূত্রের খবর। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা ও পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুরো ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।