ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৮
  • ১৭ অক্টোবর, ২০২৬ ১১:০৭
Prefer us on Google

কোটা, ১৭ অক্টোবর: মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক বাস দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস রাস্তার ধারের খাদে উল্টে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ সকালেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বাসটিতে মোট ২৭ জন যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে রয়েছে, অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী এবং রাজু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনাটির চোখে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলা কালেক্টর। 
জানা গিয়েছে, সকাল প্রায় ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রথমে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে আট হয়। আপাতত আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক তদন্তের পর আশঙ্কা করা গিয়েছে চালকের চোখ লেগে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।