সরকার বদলের ডাক নয়, ফতোয়া কেন্দ্রের
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: বিরোধীরা কেন আন্দোলনের নামে সরকার বদলের দাবি তুলছে? সরকার বদলের দাবি করার অর্থই হল নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি। গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত। আন্দোলন-আতঙ্কে পালটা আক্রমণের এই পথ আর বিজেপির একার নয়, মরিয়া প্রচারে খোদ মোদি সরকার। কেন্দ্রের স্পষ্ট ‘ফতোয়া’, আন্দোলনে সরকার বদলের স্লোগান ও ঘোষণা সরাসরি দেশদ্রোহিতা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু, অথবা বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল—প্রত্যেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশন বিরোধী আন্দোলনে কেন সরকার বদলের দাবি ও স্লোগান উঠবে? রাজনাথ সিং লখনউয়ে বলেছেন, ‘বিরোধীদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী ও তাঁর সহযোগী দলগুলির মূল লক্ষ্য জ্ঞানেশ কুমারের ইস্তফা কিংবা এসআইআরের শুদ্ধকরণের দাবি নয়। তারা নিজেরাই জানিয়ে দিয়েছে—তাদের টার্গেট সরকার বদল। বাংলাদেশের ধাঁচে সরকার বদলের ষড়যন্ত্র হচ্ছে।’ সংসদীয়মন্ত্রী কিরেন রিজিজু দফায় দফায় বলেছেন, ‘শত্রুকে একবার ক্ষমা করা যায়, বন্ধুকে দু’বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই।’ 

Advertisement

বিরোধীদের আন্দোলন থেকেই স্পষ্ট, যুদ্ধ শুরু হয়েছে। একদিকে ‘দিমাগি নকশাল’। আর অন্যদিকে ‘দেশপ্রেমী’ ভারত। শিল্প-বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের তোপ, ‘বারবার ভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর এখন রাহুল গান্ধী এবং বিরোধী জোট স্বপ্ন দেখছে, রাস্তায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকার বদলের। গোটা সংসদীয় ব্যবস্থাকে এই বিরোধীরা বদলে দিতে চাইছে।’ মোদি সরকারের এই ফতোয়ার পালটা প্রত্যাঘাত করেছে কংগ্রেস। পবন খেরা বলেছেন, ‘জে পি আন্দোলনের সময় আজকের বিজেপির সিনিয়র ও জুনিয়র নেতারা কী স্লোগান দিয়েছিলেন? সিংহাসন খালি করো... কে জনতা আতি হ্যায়। ইন্দিরা হটাও স্লোগানের লক্ষ্য কী ছিল রাজনাথজি?’ পবন খেরার শ্লেষ, ‘রাজনাথ সিংকে আমার প্রশ্ন, বিরোধীদের কি মোদিজির পক্ষে ভক্তি আন্দোলন করা উচিত ছিল?’ বিরোধীদের বক্তব্যের সুর একটাই—বিজেপি জানেই না গণতান্ত্রিক বিরোধী আন্দোলন কাকে বলে। তাই এখন বিরোধী দলের সরকার বদলের আহ্বানকে নিষিদ্ধ ঘোষণা করছে। চিরকালই বিরোধীদের পক্ষ থেকে প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে সরকার বদলের ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ইস্তফা চাওয়া হয়। সেরকম এবারও আন্দোলনে এই ডাক দেওয়া হয়েছে। আবার হবে। কংগ্রেসের তোপ, আজ বিরোধী আন্দোলনে নির্বাচিত সরকার বদলের স্লোগান বিজেপির কাছে অগণতান্ত্রিক মনে হচ্ছে! ইন্দিরা গান্ধীর পদত্যাগ চাই, রাজীব গান্ধী চোর হ্যায়, তাঁর পদত্যাগ চাই, মনমোহন সিংয়ের পদত্যাগ চা‌ই... এসব স্লোগান কারা দিয়েছিল মোদিজি? বিজেপি সরকারকে আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের হুঁশিয়ারি,  আমরা বার্থ ডে পার্টি করছি নাকি! হ্যাঁ ,সরকার বদলের জন্যই তো এত আন্দোলন। যা করার আছে করে নিন।