সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর চৌপথী থেকে ১২ জন আদিবাসী শিশু শ্রমিককে উদ্ধার করে চাইল্ড লাইনে পাঠাল পুলিস। বুধবার রাতে সাদা পোশাকে পুলিস ঘটনাস্থলে অপেক্ষা করছিল। কিছু আদিবাসী পুরুষ ও মহিলার সঙ্গে ১০ থেকে ১২ বছরের ১২ জন শিশু শ্রমিক রাতে বাস ধরতে চৌপথী এলাকায় আসে। জিজ্ঞাসাবাদের পর শিশু সহ আদিবাসী ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছাতা কোম্পানিতে অভিভাবকেরা কাজ করেন। সেখানে কাজ শেখাতে নিয়ে যাওয়া হচ্ছিল শিশুদের। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুর থানার তৎপরতায় শিশু শ্রমিকদের কাজে নিয়ে যাওয়া থেকে আটকানো গিয়েছে। শিশুদের চাইল্ড লাইনে পাঠিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে।



