Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তিলজলায় গুলি: ধৃত অভিযুক্ত সলমন সহ ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র

তিলজলায় যুবককে বাড়ির বাইরে ডেকে গুলি চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করল পুলিশ। মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত মহম্মদ সলমন ও তার সঙ্গী মহম্মদ আনোয়ারকে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানা।

তিলজলায় গুলি: ধৃত অভিযুক্ত সলমন সহ ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় যুবককে বাড়ির বাইরে ডেকে গুলি চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করল পুলিশ। মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত মহম্মদ সলমন ও তার সঙ্গী মহম্মদ আনোয়ারকে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ম্যাগাজিনসহ ২ রাউন্ড কার্তুজ। 

Advertisement

সোমবার সন্ধ্যায় তিলজলায় শিশুদের খেলাধুলোকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে বচসা বাধে সলমনের। তখনই অভিযুক্ত ওই যুবককে খুনের হুমকি দেয়। সন্ধ্যায় তপ্ত বাদানুবাদে বিষয়টি মেটেনি। রাতে তিলজলা রোডে যুবক মহম্মদ নিয়াজের বাড়িতে হানা দেয় সলমন ও তার সঙ্গী। বাড়ির বাইরে ডেকে পাঠানো হয় নিয়াজকে। এরপরেই পকেট থেকে পিস্তল বের করে পরপর গুলি চালাতে থাকে এলাকার কুখ্যাত দুষ্কৃতী। স্থানীয়রা গুলির শব্দে বেরিয়ে এলে বাইকে চেপে চম্পট দেয় দুই আততায়ী।
অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে বেনিয়াপুকুর থানা। তদন্তে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ও জখম যুবকের বয়ান সংগ্রহ করে পুলিশ। তাতেই স্পষ্ট হয় গোটা ঘটনার নেপথ্যে রয়েছে সলমন। এলাকার বিভিন্ন জায়গায় সোর্স মোতায়েন করেন তদন্তকারী। মঙ্গলবার ভোর থেকে গা ঢাকা দিয়েছিল সলমন ও আনোয়ার। মঙ্গলবার রাতে এলাকা ছেড়ে চম্পট দেওয়া পরিকল্পনা করে। এলাকায় পুলিশি অভিযান চলাকালীন বন্ডেল গেটের কাছে ২ নম্বর রেল গেটের সামনে থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, সলমনের একটি পা নেই। আনোয়ার তার সর্বক্ষণের সঙ্গী। আনোয়ারের কাছেই আগ্নেয়াস্ত্র রাখত সলমন। তার থেকেই খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পিস্তলটির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ