নয়াদিল্লি: নারকীয় জঙ্গি হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছিল মোদি সরকার। তার আগে বিকেলে রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। সূত্রের দাবি, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিস্তারিত বর্ণনা দেন দুই হেভিওয়েট মন্ত্রী। মঙ্গলবার পহেলগাঁওতে কী ঘটেছিল, পরবর্তীতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। যদিও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শাহ বা জয়শঙ্কর। এদিন সকালেই আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, জার্মানি, কানাডা সহ জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসে ভারতের বিদেশ মন্ত্রক। তাঁদের সঙ্গে প্রায় ৩০ মিনিট আলোচনা করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। সূত্রের খবর, বিদেশ সচিব নিজে সব বিদেশি কূটনীতিককে পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে সবিস্তারে তথ্য দিয়েছেন।



