


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের এ বি ব্লকের ফ্ল্যাটেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুন করা হয়েছিল। তদন্তে সে ব্যাপারে একাধিক তথ্য এসেছে পুলিশ ও গোয়েন্দাদের হাতে। জেরাতেও মিলেছে সেই তথ্য। এবার এই কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। স্বপনবাবুকে খুনের আগের দিন নিউটাউনের ওই ফ্ল্যাটেই হয়েছিল বার্থডে পার্টি! সেখানে হাজির হয়েছিলেন অনেকেই। তবে, এই খুনের সঙ্গে ওই পার্টির কোনও সম্পর্ক রয়েছে কি? নাকি তা পূর্ব নির্ধারিত পার্টি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, পুলিশের অনুমান, পার্টির সূত্র ধরে এই কাণ্ডে তথ্য মিলতে পারে।
সল্টলেক দত্তাবাদ থেকে ২৮ অক্টোবর অপহরণ করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপনবাবুকে। গাড়িতে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউটাউনের এ বি ব্লকের ওই ফ্ল্যাটে। সেখানে বিডিও-সহ বেশ কয়েকজন তাঁকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে স্বপনবাবুর দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বিডিও ঘনিষ্ঠ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনের নাম পেয়েছে তারা। তথ্যগুলি যাচাই করা হচ্ছে।
নিউটাউনের এ বি ব্লকের ফ্ল্যাটটি কার, তা নিয়ে বিতর্ক রয়েছে। ‘স্বঘোষিত সোনা চোর’ অবশ্য স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন, ওই ফ্ল্যাটটি বিডিওর। ২৮ অক্টোবর তাঁর চোখের সামনেই বিডিও স্বপনবাবুকে মারধর করেছিলেন। তিনি কুকুরের দেখভাল করতেন। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তারা প্রত্যেকেই এই ফ্ল্যাটে এসেছিল। খুনের সঙ্গে সরাসরি জড়িত তারা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, খুনের আগের রাতে অর্থাৎ, ২৭ অক্টোবর ওই ফ্ল্যাটেই বার্থডে পার্টি হয়েছিল। সেখানে পুরুষ ও মহিলা উভয়েই উপস্থিত ছিলেন। কিন্তু, কার বার্থডে—কোনও বার্থডে বয় নাকি কোনও বার্থডে গার্ল? সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পার্টির সঙ্গে খুনের কোনও সম্পর্ক রয়েছে কি? পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে খুনিরাও কি ছিল? নাকি পার্টির সঙ্গে খুনের কোনও সম্পর্ক নেই? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।