Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসের আটতলার শৌচালয় থেকে ঝাঁপ, মৃত্যু প্রবীণ আইনজীবীর

সাতসকালে বিকট শব্দ। শিহরণ জাগানো ছবি দেখা গেল বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসের পিছনের গেটের সামনে।

বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসের আটতলার শৌচালয় থেকে ঝাঁপ, মৃত্যু প্রবীণ আইনজীবীর
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে বিকট শব্দ। শিহরণ জাগানো ছবি দেখা গেল বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসের পিছনের গেটের সামনে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। হাত-পা ভাঙা। মাথা ফাটা। চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার করে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।

Advertisement

পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রতিভ কুমার লাহিড়ি (৭৭)। তিনি পেশায় একজন আইনজীবী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, সেলস ট্যাক্স ভবনের আটতলার শৌচালয়ের জানালা থেকে ঝাঁপ দেন প্রবীণ আইনজীবী। আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিসের। কিন্তু, কেন আত্মহননের পথ বেছে নিলেন তিনি? তা তদন্ত করে দেখছেন এন্টালি থানার অফিসাররা। 
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। উপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন ভবনের নিরাপত্তারক্ষীরা। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তাঁরাই এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর খবর জানতে পারে এন্টালি থানার পুলিস। তদন্তকারীরা ওই প্রবীণ আইনজীবীর প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেন। সেটি খুলতেই দেখা যায় একটি ফোন নম্বর লেখা। তাতে ফোন করে পুলিস। তারা জানতে পারে নম্বরটি মৃতের স্ত্রীর। তাঁর নাম মনিদীপা লাহিড়ি। ফোনেই তাঁকে স্বামীর মৃত্যুর খবর দেয় পুলিস। ঘটনাস্থলে আসেন বৃদ্ধা। প্রাথমিকভাবে তিনি ঝাঁপ দেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মনিদীপা জানান, ‘বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি’— এই বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রতিভবাবু। স্ত্রীর সন্দেহের সূত্রেই সেলস ট্যাক্স ভবনের অকুস্থলে তদন্তে যায় পুলিস। দেখা যায়, আটতলার শৌচালয়ের জানালার সামনে পড়ে রয়েছে একজোড়া চটি। সেটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। একসঙ্গে মৃতের প্যান্টের পকেট থেকে স্ত্রী মোবাইল নম্বর লেখা চিরকুট থেকে পুলিসের অনুমান, আত্মহত্যা করবেন, তা মনস্থির করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। মৃতের ছেলের সঙ্গেও যোগাযোগ করেন তদন্তকারীরা। প্রতীক লাহিড়ি বলেন, ‘কয়েকদিন ধরেই বাবা মানসিক চাপে ভুগছিলেন। কিন্তু, এই ঘটনার জন্য কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।’ লালবাজার জানিয়েছে, ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি। ময়নাতদন্তের রিপোর্টের ইঙ্গিত, উপর থেকে পড়ে যাওয়ার জেরেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।

Advertisement
সম্পর্কিত সংবাদ