Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমুদ্রের বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে নোনা জল, আতঙ্কে দিন গুনছেন বাসিন্দারা

বঙ্গোপসাগরের মোহনার সমুদ্র বাঁধ ভেঙে নোনা জল ঢুকল গ্রামে। নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া সল্ট ঘেরি এলাকায় ঘটনাটি ঘটেছে

সমুদ্রের বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে নোনা জল, আতঙ্কে দিন গুনছেন বাসিন্দারা
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বঙ্গোপসাগরের মোহনার সমুদ্র বাঁধ ভেঙে নোনা জল ঢুকল গ্রামে। নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া সল্ট ঘেরি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রবিবার সকালে অমাবস্যার কোটালে জোয়ারের সময় প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে যায়। এই ঘটনার পর গ্রামে নোনা জল ঢুকতে শুরু করে। বাঁধের পিছনে কয়েকটি ঘরবাড়ি আছে। রয়েছে মাছের ভেড়ি। বাঁধটি গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্থায়ীভাবে মেরামত না করা হলে গোটা গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা। এর পাশাপাশি এদিন সকালে নামখানার নারায়ণপুরের নাদাভাঙা অঞ্চলেও ৫০ ফুট নদী বাঁধ ভেঙে যায়। তবে তৎপরতার সঙ্গে মেরামত করার কাজ হয়েছে।

Advertisement

সাবিত্রী হালদার নামে সল্ট ঘেরির এক বাসিন্দা বলেন, ‘জোয়ারের সময় মাটির বাঁধ ভেঙে সমুদ্রের নোনা জল গ্রামে ঢুকতে শুরু করে। খুব আতঙ্কের মধ্যে সবাই আছি। এখন অমাবস্যার কোটাল চলছে। নদী ও সমুদ্রের জল বাড়বে। আগামী তিন দিনও নদীর জল স্বাভাবিকের থেকে অনেক বাড়বে। এখনই বাঁধ স্থায়ীভাবে মেরামত না হলে আগামী দিনে বড়সড় বিপদের আশঙ্কা। এছাড়াও ওই এলাকায় প্রায় ২০০ মিটার সমুদ্র বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। প্রতি বছর মাটি ফেলে উঁচু করা হয়। কিন্তু স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয় না।’ মৌসুনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খান বলেন, ‘হঠাৎ জোয়ারের সময় ২০০ ফুট সমুদ্র বাঁধ ভেঙে গিয়েছে। মেরামতের জন্য সেচদপ্তর জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেছে। বিষয়টি জানানো হয়েছে প্রতিটি দপ্তরকে। ওই এলাকায় আগামী দিন স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা। তা তৈরির জন্য এলাকা চিহ্নিত হয়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ