স্বপন দাস, কাকদ্বীপ; বর্ণ বিদ্বেষের কারণে ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছিল সাগরদ্বীপের আদি দুর্গোৎসব কমিটি। এমনকি জাতিগত বিবাদকে কেন্দ্র করে অষ্টমীতে গুলিও চলেছিল। এ ইতিহাস সাগরবাসীর মুখে এখনও শোনা যায়। জানা গিয়েছে, ১৯২৫ সালে ১৩টি পরিবার মিলে শুরু করেছিল হরিণবাড়ি উত্তরপাড়া দুর্গোৎসব। পরে একজন মন্দির তৈরি করার জন্য জমি দান করেছিলেন। সে সময় টালির ছাউনি দেওয়া মাটির দেওয়ালের মন্দিরে দুর্গাপুজার আয়োজন হতো। কিন্তু ওই মন্দিরে নিচু বর্ণের মানুষদের ঢুকতে দেওয়া হতো না। দীর্ঘ কয়েক বছর ধরে এই জাতিগত বিবাদ চলতে থাকে। শেষ পর্যন্ত বিবাদ চরমে ওঠে। ১৯৩১ সালে উঁচু ও নিচু বর্ণের মানুষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। গুলি চলে। কয়েকজন আহত হন। এরপর ১৯৩২ সালে মন্দির থেকে কিছু দূরে শুরু হয় নতুন দুর্গাপুজো। সেদিন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর উদ্যোগে পুজো শুরু হয়। নাম দেওয়া হয়, ‘সাগর থানা সর্বজনীন দুর্গোৎসব’।



