সংবাদদাতা, ঘাটাল: পিচ রাস্তার উপর কাদা। ফলে গাড়ি নিয়ে যাতায়াত করতে চরম সমস্যা হচ্ছে চন্দ্রকোণা-১ ব্লকের বেউড়গ্রাম-নিচ্ন্যা রাস্তায়। সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার সকালে রাস্তার উপর কাদার কারণে স্কুলভ্যানও যাতায়াত করতে পারেনি। রাস্তার বর্তমান দশার কথা স্বীকার করেছেন মাংরুল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান শান্তনু বন্দ্যোপাধায়। তিনি বলেন, মাটি ভর্তি ট্রাক্টর এবং ধান কাটার মেশিন যাতায়াত করায় ব্যস্ততম রাস্তার উপর মাটির মোটা আস্তরণ পড়ে গিয়েছিল। সোমবারের বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে। এর ফলে আমরাও তিতিবিরক্ত। ওই এলাকায় কয়েকটি পুকুর কাটার কাজ চলছে। সেই সঙ্গে জমিতে কম্বাইন হারভেস্টর নামিয়ে ধান কাটারও কাজ চলছে। মাটি ভর্তি ট্রাক্টরগুলি যখন রাস্তা দিয়ে যাতায়াত করে, তখন ট্রাক্টরের ডালা উপচে মাটি পিচ রাস্তার উপর পড়ে। অন্যদিকে মাঠে কাদা থাকার কারণে হারভেস্টরগুলি এক মাঠ থেকে অন্য মাঠে যায়, তখনও চাকার টাওয়ার এবং চেনের গ্রিপারের কাদাগুলি পিচ রাস্তার উপর পড়ে যাচ্ছে। এর ফলে রাস্তার উপর মাটির মোটা আস্তরণ পড়ে গিয়েছিল।



