সংবাদদাতা, বর্ধমান: ওপেনার মোহিত রায়ের অনবদ্য সেঞ্চুরির উপর ভর করে সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র সীমিত ওভারের ক্রিকেটে বড় ব্যবধানে জয় পেল বর্ধমান। সোমবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে মাঠে তারা প্রতিপক্ষ বাঁকুড়া জেলাকে একপ্রকার দাঁড়াতে না দিয়ে ২১৮ রানের ব্যবধানে জয় তুলে নেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ৩২৫ রানের বিশাল স্কোর করে বর্ধমান। ওপেন করতে নেমে ১২১ বলে সাতটি ৬ ও ১২টি বাউন্ডারির সাহায্যে ১২৫ রান করেন মোহিত। অয়ন চোঙদারও ৫৯ বলে ৫টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। এজাজ আনসারি ২৬ ও সৌরভ যাদব ২১ রান করেন। বাঁকুড়ার হয়ে আকাশ মণ্ডল ৬ ওভারে ৩৯ রান দিয়ে তিনটি এবং ইকন লায়েক ৭ ওভারে ৩৯ রান দিয়ে দু’টি উইকেট নেন। ওভারপিছু ৭.২২ রেটে রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় বাঁকুড়ার ইনিংস। ইনিংসের শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে বাঁকুড়া। মাত্র ৫৮ রানে তারা ৮ উইকেট হারায়। সেখান থেকে আকাশ এবং ইকন উভয়ে ২২ রান করে দলের স্কোরকে কিছুটা ভদ্রস্থ করেন।



