নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জঞ্জাল সাফাই অভিযানের পর এবার রাস্তা সংস্কারের কাজে জোর দিচ্ছে বালি পুরসভা। লিলুয়া এলাকার একাধিক রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ইতিমধ্যেই দু’টি গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির শুরু করেছে পুরসভা। কয়েক মাসের মধ্যে এই রাস্তা দু’টিকে কংক্রিটের ব্লক দিয়ে সম্পূর্ণ সংস্কার করবে কেএমডিএ।
লিলুয়ার রবীন্দ্র সরণি ও মীরপাড়া রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি রাস্তা। বিশেষ করে লিলুয়া থেকে ভট্টনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দু’টি রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। বৃষ্টিতে দু’টি রাস্তাই পরিণত হয়েছিল সুইমিং পুলে। বর্ষা পেরিয়ে গেলেও রাস্তার বহু অংশ থেকে জল না সরায় এতদিন সংস্কারের কাজে হাত দেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে, নিত্যদিন এই দুই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল বাসিন্দাদের। টোটো উল্টে প্রায়দিনই ছোটখাট দুর্ঘটনা ঘটছিল। শীতের শুরুতেই এই দু’টি রাস্তা সংস্কারের কথা রয়েছে কেএমডিএ’র। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ আঁচ করে তাঁদের সাময়িক স্বস্তি দিতে প্যাচওয়ার্ক শুরু করেছে বালি পুরসভা। তাদের দাবি, এর ফলে আগামী দু’মাস দুর্ঘটনার ঝুঁকি থাকবে না। বিশেষ করে তেলকল মোড় ও বটতলা এলাকায় মরণফাঁদ মেরামত হওয়ায় স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।
বালি পুরসভার মুখ্য প্রশাসক তথা বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তা দু’টি সংস্কার করা হয়নি। আগামী কয়েক মাসের মধ্যেই এগুলি পুরোপুরি সংস্কার করবে কেএমডিএ। কংক্রিটের ব্লক দিয়ে নতুন রাস্তা তৈরি করা হবে।’ বিভিন্ন জায়গায় গর্ত হয়ে থাকা বেলুড় স্টেশন রোডের হালও ফিরিয়েছে পুরসভা। বালি এলাকায় যে সমস্ত ছোট ছোট রাস্তা রয়েছে, সেগুলির বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর ক্যাম্পগুলিতে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। পুরসভার দাবি, ইতিমধ্যেই একাধিক রাস্তা সংস্কারের অনুমোদন মিলেছে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের দেওয়া টাকার বড় অংশই খরচ করা হবে রাস্তা সংস্কারে।