লখনউ, ২৭ মে: ঘরের বাইরে টানা ৭টি ম্যাচ জিতে রেকর্ড করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আজ, মঙ্গলবার লখনউয়ের মাঠে জিতে সোজা কোয়ালিফায়ার ১ পৌঁছে গেল আরসিবি। যার ফলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলিরা। এদিন লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির স্ট্যান্ডিং অধিনায়ক জিতেশ শর্মা।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও, ম্যাথু ব্রেটজকে(১৪) আউট হতেই নামেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। আর এদিন আরসিবির বোলারদের ধুয়ে দেন তিনি। সেঞ্চুরি হাঁকান পন্থ। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিচেল মার্শ(৬৭)। তাঁদের কাঁধে ভর করেই লখনউ পৌঁছয় ২২৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আরসিবি। যদিও ফিলিপ সল্ট(৩০) মাঝ পথেই ভুল শট খেলে আউট হয়ে যান। তারপর থেকে পড়তে থাকে উইকেট। বিরাটের হাফসেঞ্চুরি আসলেও লখনউয়ের বিরুদ্ধে জেতা অসম্ভব হয়ে যাচ্ছিল। তাকেই সম্ভব করলেন বেঙ্গালুরুর স্ট্যান্ডিং অধিনায়ক জিতেশ শর্মা। ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন মায়াঙ্ক আগরওয়াল(৪১)। তাঁদের জুটিই ৬ উইকেটে আরসিবিকে জেতায় লখনউয়ের বিরুদ্ধে।