Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্র্যাকটিসে চনমনে রশিদরা

যুবভারতী ক্রীড়াঙ্গানের নতুন হকি স্টেডিয়ামে চলছে বেটন কাপের ম্যাচ। বুধবার বিকেলে চকচকে নীল অ্যাস্ট্রোটার্ফে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ও কানাড়া ব্যাঙ্ক।

প্র্যাকটিসে চনমনে রশিদরা
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গানের নতুন হকি স্টেডিয়ামে চলছে বেটন কাপের ম্যাচ। বুধবার বিকেলে চকচকে নীল অ্যাস্ট্রোটার্ফে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ও কানাড়া ব্যাঙ্ক। তার ঠিক পাশেই ফুটবলের প্রথম প্র্যাকটিস গ্রাউন্ড। সেখানে সুপার কাপের প্রস্তুতিতে ব্যস্ত ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান অয়েলের হয়ে খেলছিলেন একঝাঁক জাতীয় দলের খেলোয়াড়। তবু তাঁদের খেলা দর্শকদের মন টানতে ব্যর্থ। উল্টে গ্যালারির নজর মিগুয়েলদের অনুশীলনে। অনেকে আবার গ্যালারির টপ অ্যাঙ্গেল থেকে শৌভিকদের প্র্যাকটিস ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকলেন। 

Advertisement

বুধবারের অনুশীলনেও অনুপস্থিত কোচ অস্কার ব্রুজোঁ। সূত্রের খবর, শুক্রবার কলকাতায় ফিরতে পারেন স্প্যানিশ কোচ। এছাড়া প্র্যাকটিসে যোগ দেননি প্রভসুখন গিল ও সাউল ক্রেসপো। ডেঙ্গু থেকে সেরে উঠলেও লাল-হলুদ গোলরক্ষক এখনও বেশ দুর্বল। তাই চিকিৎসক তাঁকে আরও এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বাকি দল সহকারী কোচের তত্ত্বাবধানে গা ঘামাল। দৌড়, স্ট্রেচিংয়ের পর মাঠ ছোট করে মুভমেন্ট প্র্যাকটিস হল প্রায় ৪৫ মিনিট। যথারীতি ছন্দে ছিলেন মিগুয়েল। বার কয়েক জাল কাঁপালেন তিনি। ছোট পাসে নজর কাড়লেন  রশিদ। রক্ষণে সিবলের আগল আরও মজবুত। বিষ্ণু-ডেভিডরাও সারাক্ষণ ছুটে বেড়ালেন। দেখেই বোঝা যাচ্ছে,  সুপার কাপের  গ্রুপ পর্বের গণ্ডি টপকে অনেকটাই চাপমুক্ত মশাল বাহিনী। নক-আউটে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব। তবে লাল-হলুদ ব্রিগেডের নজর  খেতাবে। ডুরান্ড কাপ ও শিল্ডের ব্যর্থতা ভুলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে ট্রফি। উপরি পাওনা হবে এএফসি’র স্লট।
এদিকে, ১৫ জানুয়ারি ক্লাব তাঁবুতে রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে মোহন বাগান ক্লাব। বুধবার কার্যকরী কমিটির বৈঠকের শেষে সেই কথা জানালেন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। পাশাপাশি ৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার দিন ঠিক হয়েছে বৈঠকে। সেদিন সাব-জুনিয়র বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে মোহন বাগান।

Advertisement
সম্পর্কিত সংবাদ