নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। আগামী কাল, মঙ্গলবার নাগাদ এটি গভীর নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই গভীর নিম্নচাপটির প্রভাব এরাজ্যে বিশেষ পড়বে না। আপাতত আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে সপ্তাহে শেষে, ২২-২৩ আগস্ট থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২২ তারিখ দুই ২৪ পরগনা জেলায় ও তার পরদিন দুই মেদিনীপুরসহ আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস রবিবার জানান, মৌসুমি অক্ষরেখার অবস্থান আপাতত রাজ্যের উপর নেই। আগামী সপ্তাহে মৌসুমি অক্ষরেখা ফের রাজ্যের উপর সরে আসতে পারে। ২৯ আগস্ট বা তার কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটির ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তার আগে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এমন সম্ভাবনাই বেশি।
এই দফায় উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে পর পর দুটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগের নিম্নচাপটি উপকূল অতিক্রম করে এখন বিদর্ভের উপর আছে। কয়েকদিনের ব্যবধানে একই জায়গায় ফের যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি বেশি শক্তিশালী হবে। এই দুটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ওড়িশা এবং উপকূলীয় উত্তর অন্ধ্র ছাড়াও তেলেঙ্গানা এলাকায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, কোনও নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার কোনও প্রভাব না থাকার জন্য কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত তার আগের সাতদিনের সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র মুর্শিদাবাদে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি (৬৩ শতাংশ) হয়েছে। আবহাওয়াগত নিরিখে মুর্শিদাবাদ ছাড়া পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম ছাড়া সর্বত্র এইসময়ে বৃষ্টির ঘাটতি আছে। কলকাতাতেও স্বাভাবিকের থেকে ৮৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে, এই সাতদিনে উত্তরবঙ্গের মালদহ ছাড়া সব জেলাতেই স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি পরিমাণে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরির জন্য এটা হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।