সংবাদদাতা, শীতলকুচি: শিক্ষাশ্রী প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার করা হল শীতলকুচি হাইস্কুলের এক শিক্ষককে। কয়েকদিন আগে পড়ুয়াদের শিক্ষাশ্রী প্রকল্পের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্কুলের গণিত শিক্ষক সৌভিক বর্মনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পড়ুয়াদের টাকা তার স্ত্রী সহ আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকছে। খবর চাউর হতেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। তদন্তের পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, ৮১ জন পড়ুয়ার টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। শুক্রবার এনিয়ে শীতলকুচি থানায় ওই শিক্ষকের নামে লিখিত অভিযোগ জানান টিআইসি পবিত্র বর্মন। তিনি বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



