Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার এক্সপ্রেস ট্রেন চালু কাল

নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রেল বোর্ড আগামীকাল, শনিবার থেকে হাওড়া থেকে মশাগ্রাম হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালু করতে চলেছে। এই মর্মে বৃহস্পতিবার রাতে রেল বোর্ড নির্দেশিকা জারি করেছে।

পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার এক্সপ্রেস ট্রেন চালু কাল
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রেল বোর্ড আগামীকাল, শনিবার থেকে হাওড়া থেকে মশাগ্রাম হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালু করতে চলেছে। এই মর্মে বৃহস্পতিবার রাতে রেল বোর্ড নির্দেশিকা জারি করেছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে এ ব্যাপারে জানান, ২৮ জুন বেলা ১১টা ১৫মিনিটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছিতে ওই ট্রেনের উদ্বোধন করবেন। ওইদিন ইন্দাস, সোনামুখী, ওন্দা, বাঁকুড়া সহ বিভিন্ন স্টেশনে বিজেপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে হাজির থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রস্তাবিত টাইম টেবিল জানিয়ে রেল একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। মেমু ট্রেনটি ভোর ৪টেয় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে বেলা ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছবে। বিকেল ৪টে ১৫মিনিটে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে ছাড়বে। রাত ১১টা ৫৫মিনিটে পুরুলিয়া পৌঁছবে। সাংসদ বলেন, আমি বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম সরাসরি রেল চালুর জন্য দীর্ঘদিন ধরে রেলমন্ত্রকে দরবার করে আসছি। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে। ওই ট্রেনটি পুরুলিয়া থেকে ছাড়বে। তাই বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার বাসিন্দারাও উপকৃত হবেন। তাঁদের আর খড়্গপুর হয়ে হাওড়া যেতে হবে না। এবার সরাসরি মশাগ্রাম হয়ে হাওড়ায় পৌঁছতে পারবেন। তাতে অনেকটা সময় বাঁচবে। 

Advertisement

সৌমিত্র এও বলেন, বাঁকুড়া, সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র এলাকার বাসিন্দাদের কলকাতা যেতে বেগ পেতে হতো। ২০১৪ সালে প্রথম সাংসদ হওয়ার পর থেকেই এই শাখায় সরাসরি হাওড়া যাওয়ার ট্রেন চালুর চেষ্টা শুরু করি। ২০২২ সালে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পে অর্থ মঞ্জুর করার পর মশাগ্রামে হাওড়াগামী লাইনের সঙ্গে সংযুক্ত করা হয়। তারপর প্রযুক্তিগত কাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী ২৮জুন পুরুলিয়া থেকে হাওড়াগামী একটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন সরাসরি চলবে। শুধু তাই নয়, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সকালে ও বিকেলে দু’টি ট্রেন এক থেকে দেড় মাসের মধ্যে চালু হবে। এছাড়াও আগামী দিনে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর নতুন রেলপথ তৈরি করার স্বপ্ন রয়েছে। সোনামুখীর বাসিন্দা নির্মল চট্টোপাধ্যায় বলেন, পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার সরাসরি ট্রেন চালু হলে বাঁকুড়া ছাড়াও সোনামুখী, ইন্দাস ও পাত্রসায়র এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। কলকাতা যাওয়ার সময় অনেকটা বাঁচবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ