Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাম্প হাউস জলমগ্ন, জল পাচ্ছেন না নিতুড়িয়াবাসী

প্রায় ১২দিন ধরে নিতুড়িয়ার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। যার জেরে বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন।

পাম্প হাউস জলমগ্ন, জল পাচ্ছেন না নিতুড়িয়াবাসী
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: প্রায় ১২দিন ধরে নিতুড়িয়ার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। যার জেরে বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। গ্রামবাসীদের তরফে ইতিমধ্যেই বিষয়টি রঘুনাথপুর জনস্বাস্থ্য ও‌‌ কারিগরি দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।

Advertisement

রঘুনাথপুর জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী ভুঁইয়া বলেন, পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদরে জলস্তর বেড়েছে। পাম্প হাউস জলমগ্ন হয়ে পড়েছে। জলের তোড়ে নদের মধ্যে থাকা সাবমার্সিবল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। জলস্তর কমলেই পাম্প সারানো হবে। আপাতত গ্রামগুলিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রকল্প থেকে বারুইপাড়া, ভামুরিয়া, হীরকুন্দ, আলকুশা, বোড়ার মতো গ্রামগুলিতে পাইপ লাইনে জল সরবরাহ করা হয়। বর্তমানে জল সরবরাহ বন্ধ থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, টানা বৃষ্টির জেরে পুকুর, কুয়ো ভরে গিয়েছে। সেগুলির জল ঘোলাটে। তা পানের অযোগ্য। স্থানীয় বাসিন্দা অমল ধীবর, প্রসেনজিৎ মাজি বলেন, প্রতিবছর বর্ষা এলে এই সমস্যা হয়।
নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব বলেন, জলপ্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। আপাতত জলের ট্যাঙ্কার পাঠিয়ে শালতোড় পঞ্চায়েতের জলপ্রকল্প থেকে জল নেওয়া হচ্ছে। সেই জল ভামুরিয়ায় সরবরাহ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ