Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষায় পুজো হলেও দুশ্চিন্তার কারণ নেই: আবহাওয়া দপ্তর

এবার পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে। ওই সময় রাজ্য থেকে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে পুজোর সময় অতিবৃষ্টির ফলে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হবেই, এমন দুশ্চিন্তার এখনই কোনও কারণ নেই।

বর্ষায় পুজো হলেও দুশ্চিন্তার কারণ নেই: আবহাওয়া দপ্তর
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে। ওই সময় রাজ্য থেকে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে পুজোর সময় অতিবৃষ্টির ফলে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হবেই, এমন দুশ্চিন্তার এখনই কোনও কারণ নেই। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, সপ্তাহ শেষের ছুটির দিনগুলিতে পুজোর বাজার করার সময় বৃষ্টির মাত্রা কমবে বলে আশা করছেন তাঁরা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে যায়। নিম্নচাপটি রাজ্যের উপকূল থেকে দূরে সরে যাওয়ায় বুধবার বৃষ্টি কিছুটা কমেছে। তবে এদিনও আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে। 

Advertisement

আবহাওয়ার দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ, বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে। আকাশ কিছুটা পরিষ্কার হয়ে কোনও কোনও স্থানে রোদ উঠতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টিও হতে পারে। আগামী কাল, শুক্রবার আকাশ আরও পরিষ্কার হবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জায়গার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি। তারা জানাচ্ছে, বজ্রগর্ভ মেঘ থেকে বৃহস্পতি ও শুক্রবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  
শনিবার থেকে সোমবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ সৃষ্টির কোনও সতর্কবার্তা আপাতত নেই। তবে বাতাসে অধিক জলীয় বাষ্পের কারণে, রোদের সময় ভ্যাপসা গরম ফিরে আসবে। আবহাওয়া অধিকর্তা জানান, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢোকার পর ঝাড়খণ্ড-ছত্তিশগড় হয়ে মধ্য ভারতের দিকে যাবে।
সেপ্টেম্বর মাসে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্য থাকছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দু’সপ্তাহের জন্য যে দীর্ঘকালীন পূর্বাভাস প্রতি বৃহস্পতিবার প্রকাশ করে, তা থেকে নিম্নচাপ সম্পর্কিত ইঙ্গিত পাওয়া যায়। ১৮ সেপ্টেম্বর একটি দীর্ঘকালীন পূর্বাভাস জারি করবে তারা। পুজোর সময়ে কোনও নিম্নচাপ সৃষ্টি হবে কি না এবং রাজ্যে তার কী প্রভাব পড়তে পারে, সেই ইঙ্গিত তাতে থাকবে। 
আবহাওয়া অধিকর্তা জানান, মৌসম ভবন থেকে জারি করা ওই পূর্বাভাসের ভিত্তিতে পুজোর দিনগুলির আবহাওয়া নিয়ে প্রাথমিক বিশেষ বার্তা তাঁরা প্রথমে দেবেন। তারপর পুজোর মুখে আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না, তা নির্ভর করে সেই নিম্নচাপের গতিপ্রকৃতির উপর। তাই পুজোর মুখে সমুদ্রে কোনও নিম্নচাপ তৈরি হলেই চিন্তিত হওয়ার কারণ নেই। তবে যেহেতু বর্ষার মধ্যে পুজো হবে, অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা অবশ্য থাকছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ