নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের আউটডোরে চিকিৎসা প্রদান আরও সহজ করা হল। নথিভুক্ত হাসপাতাল বা ক্লিনিকে ওপিডি চিকিৎসা খরচের টাকা পেতে অ্যানেক্সার-১ ফর্ম জমা দিতে হবে না। রাজ্যের বাইরে নথিভুক্ত হাসপাতালের ওপিডিতে আগাম অনুমোদন নিয়ে চিকিৎসা করালেও জমা দিতে হবে না অ্যানেক্সার-১। রাজ্য অর্থদপ্তরের মেডিক্যাল সেল এমনই বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের অনেক সুবিধা হবে। চিকিৎসা বিল তাঁরা দ্রুত জমা দিতে পারবেন। অ্যানেক্সার-১ ফর্মে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হতো। সেটি জমা হতো সংশ্লিষ্ট হাসপাতাল-ক্লিনিক কর্তৃপক্ষ এবং ডাক্তারের সইসহ। হাসপাতালে যাতায়াতের মাধ্যমে এসব জোগাড় করতে অনেক ঝক্কি পোহাতে হতো রোগীকে। নতুন ব্যবস্থায় কর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আউটডোর চিকিৎসা আরও সহজ হবে বলেই মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক এজন্য মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
মেডিক্যাল সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নথিভুক্ত হাসপাতালে আউটডোরে চিকিৎসা করালে ডাক্তারের প্রেসক্রিপশনে রোগের উল্লেখ থাকলেই চলবে। প্রেসক্রিপশনের সঙ্গে খরচের বিল জমা দিতে হবে। কোনও রোগের প্রথমবারের আউটডোর চিকিৎসার বিল জমার সঙ্গে বিভিন্ন পরীক্ষার রিপোর্টও জমা দিতে হবে। ওই রোগের চিকিৎসা যে আউটডোরে হয়েছে, তা প্রমাণ করা যাবে এরই মাধ্যমে। রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে ওপিডিতে কী কী রোগের চিকিৎসা করা যায়, তা নির্দিষ্ট করা হচ্ছে। সম্প্রতি নতুন কয়েকটি রোগ এই তালিকায় যুক্ত হয়েছে।