নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের অচলাবস্থার মুখে চুঁচুড়া পুরসভা। গত কয়েকদিন ধরেই মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলনে নেমেছিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। সোমবার তাঁরা পুরসভার সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে দীর্ঘসময় চুঁচুড়া পুরসভায় স্বাভাবিক কাজ হয়নি। পরে চেয়ারম্যান অফিসে ঢুকতে গেলে তাঁকেও বাধা দেওয়া হয়। দীর্ঘ টানাপোড়েনের পর একটি বিশেষ বোর্ড মিটিং ডেকে সেখানে মজুরির বিষয় আলোচনা করা হবে বলে প্রস্তাব দেন চেয়ারম্যান। তারপরে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, বোর্ড মিটিং থেকে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত না হলে কর্মবিরতির মতো বৃহত্তর আন্দোলন করা হবে। এনিয়ে চেয়ারম্যান অমিত রায় বলেন, বছর বছর মজুরি বাড়ানো সম্ভব নয়। রাজ্যের অধিকাংশ পুরসভার থেকে আমরা বেশি মজুরি দিই। ২০২২ সালে একবার মজুরি বাড়ানো হয়েছে। তবে বোর্ড মিটিং করা হবে। সেখানে সবাই যা সিদ্ধান্ত নেবেন, সেটাকেই মান্যতা দিতে হবে।
প্রসঙ্গত, গত একবছর ধরে আর্থিক সঙ্কটে ভুগছে চুঁচুড়া পুরসভা। তারই মধ্যে নানা আন্দোলনের জেরে পুরপ্রশাসন জেরবার। দিনকয়েক আগেই পেনশনভোগীরা দু’মাসের পেনশন না পাওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন। সদ্য একবার প্রায় ২০দিন পুরসভায় সাফাই কাজ বন্ধ হয়ে পড়েছিল। কর্মীদের মজুরি ও ভাতা নিয়ে আন্দোলনের জেরেই সেই ঘটনা ঘটেছিল। তখন রাজ্য সরকার বিশেষ আর্থিক প্যাকেজ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এবারও সেইদিকেই পরিস্থিতি গড়াচ্ছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নিজস্ব চিত্র