নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা ও পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তা বিশ্বের সামনে তুলে ধরতে ৩১টি দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। এবার ওই প্রতিনিধিদলের সদস্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিনিধিদলের সফর প্রায় শেষ। সূত্রের খবর, ৯ বা ১০ জুন এই বৈঠক হতে পারে। বিভিন্ন দেশ ভারতের এই উদ্যোগে কতটা সাড়া দিল, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ভবিষ্যতে কতটা সাহায্য পেতে পারে, সেই বিষয়ে প্রতিনিধিদলের কাছে জানতে চাইবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সবরকম সাহায্যের বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিদেশমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ভারতের প্রতিনিধিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানের প্রশংসা করেছেন ও দিল্লির দৃঢ় অবস্থানের উপর জোর দিয়েছেন। অন্যদিকে, ইতালিও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উপর জোর দিয়েছে।



