তৈরি হচ্ছে প্রাকবর্ষার নিম্নচাপ,  রাজ্যে বাড়ছে ঝড়বৃষ্টির আশঙ্কা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানজনিত কারণে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা এখন তুলনামূলকভাবে বেশি। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গেও। বঙ্গোপসাগরে প্রাকবর্ষা মরশুমের প্রথম নিম্নচাপটি তৈরি হচ্ছে। কিন্তু এটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতে এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

Advertisement

উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত আছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আবহাওয়ামণ্ডলের এই পরিস্থিতি পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল। পশ্চিমাঞ্চলে ও সংলগ্ন ঝাড়খণ্ডের দিক থেকে কোনও বজ্রমেঘ সরে এলে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। আপাতত যা পরিস্থিতি তাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম। সোমবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বজ্রমেঘ তৈরি হয়নি। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে। কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে।