Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বিজেপি নেতানেত্রীর নামে পোস্টার, কটাক্ষ বিরোধীদের

এই আবহে দলীয় কাজিয়া নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে পদ্ম শিবিরের।

বারাসতে বিজেপি নেতানেত্রীর  নামে পোস্টার, কটাক্ষ বিরোধীদের
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুথ কমিটি গঠন নিয়ে কার্যত ল্যাজেগোবরে বারাসত বিজেপি! এই আবহে দলীয় কাজিয়া নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে পদ্ম শিবিরের। সোমবার বারাসত শহরের বিভিন্ন এলাকায় রাজ্য ও জেলাস্তরের বিজেপি নেতানেত্রীদের নামে ‘বিতর্কিত’ পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী পোস্টার সাঁটা হয়েছে খোদ বারাসত সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়েও। পোস্টারে উল্লিখিত ব্যক্তিদের দল থেকে সরানোর দাবি তুলেছেন বিজেপির কর্মীরা। আর বিজেপির এই ঘরোয়া কাজিয়াকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও সিপিএমও।

Advertisement

একমাস আগে বারাসতের এক মহিলা মোর্চার নেত্রী ও রাজ্যনেতা তথা ইনচার্জ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবারেও সেই ছবি ব্যবহার করে কুরুচিকর মন্তব্য লিখে পোস্টার পড়ল শহরে। বারাসত শহরের হরিতলায় বিজেপির পার্টি অফিস সহ বিভিন্ন এলাকায় সোমবার সকালে এই পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায়। পোস্টারে নেতানেত্রীকে দল থেকে সরানোর দাবি তোলা হয়েছে। এই প্রসঙ্গে বারাসত পুরসভার ভাইস-চেয়ারম্যান তথা তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। যত ভোট এগিয়ে আসবে, তা আরও বাড়বে। অন্যদিকে, সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন, ভোটের টাকা কোন নেতার ভাগে থাকবে, তা নিয়েই কোন্দল। তার ফলস্বরূপ এই পোস্টার। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন। যদিও বিজেপির বারাসত জেলা ইনচার্জ কৃষ্ণেন্দু  মুখোপাধ্যায় জানিয়েছেন, সবটাই তৃণমূলের চক্রান্ত। বিজেপির কেউ এ ধরনের কাজ করে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ