লখনউ: চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান এখন অভিষেক পোড়েলের। লোকেশ রাহুলের (৩২৩) পরেই তিনি (২২৫)। মঙ্গলবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির ৮ উইকেটে জয়ে বড় ভূমিকা ছিল বঙ্গসন্তানের। ৩৬ বলে তিনি করেন ৫১। জেতার পর প্রচারমাধ্যমের সামনে তিনি বলেন, ‘প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি। চেষ্টা করছি আরও ভালো খেলার। দেশের প্রতিনিধিত্ব করাই আমার লক্ষ্য। তবে এই মুহূর্তে তা নিয়ে বেশি ভাবছি না। বরং দিল্লিকে আইপিএল চ্যাম্পিয়ন করানোই এখন আমার লক্ষ্য।’ বাঁ-হাতি ওপেনার আরও বলেন, ‘নিজের খেলা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। সাপোর্ট স্টাফরা তাই টেনশনহীন ভাবে সহজাত খেলা মেলে ধরার কথা বলেছিল। সেই মতো আমি নিজেকে মেলে ধরার চেষ্টা করছি। দলের জয়ে অবদান রাখাই একমাত্র মোটিভেশন।’



