Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাক স্বাধীনতার পক্ষে সওয়াল পোপের

কয়েকদিন আগে প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন চতুর্দশ লিও। সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন খ্রিস্টান ধর্মগুরু।

বাক স্বাধীনতার পক্ষে সওয়াল পোপের
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভাটিকান সিটি: কয়েকদিন আগে প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন চতুর্দশ লিও। সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন খ্রিস্টান ধর্মগুরু। সেখানেই সংবাদমাধ্যম ও বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন তিনি। একইসঙ্গে কারাগারে বন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তির আর্জিও জানালেন। 

Advertisement

এদিন ভাটিকানের ষষ্ঠ পল অ্যাসেম্বলি হলে সাংবাদিক সম্মেলন সদ্য নির্বাচিত পোপ। তিনি বলেন, ‘সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর করেন। সত্যিটা তুলে ধরেন। ন্যায়বিচার, মর্যাদা, তথ্য জানার অধিকার রক্ষার জন্য সাহস লাগে। সেজন্য সাংবাদিকদের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে চার্চ।’ এরপরেই তিনি বলেন, ‘কারাগারে বন্দি সাংবাদিকদের কষ্ট সংশ্লিষ্ট দেশ তো বটেই, আন্তর্জাতিক সমাজের বিবেকবোধেও ধাক্কা দেয়। সংবাদমাধ্যম, বাক স্বাধীনতার উপহারকে রক্ষার দায়িত্ব আমাদের উপরেই বর্তায়।’ পোপের এহেন বার্তা শুনেই উল্লাসে ফেটে পড়ে প্রেক্ষাগৃহে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। প্রসঙ্গত, রবিবার প্রার্থনার সময় যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিলেন ক্যাথলিক গির্জার প্রধান। চতুর্দশ লিওর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইজরায়েলি হামলার প্রসঙ্গ। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।  বারবার সওয়াল করেন শান্তি স্থাপনের পক্ষে। এদিনও সাংবাদিকদের সেই বার্তা দিলেন নয়া পোপ। তাঁর কথায়, ‘আমাদের দিয়েই শান্তির সূচনা হয়। যুদ্ধের মতাদর্শ ও নীতি বর্জন করতেই হবে।’ 
সাংবাদিক সম্মেলনের পাশাপাশি এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত সাধারণ মানুষের অটোগ্রাফ ও সেলফির আবদারও মেটান পোপ। চার্চকে সাধারণ মানুষের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিস। প্রথম সাক্ষাতে সেই ধারাই আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তাঁর উত্তরসূরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ