Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেষ হওয়ার ৪ মিনিট আগে বাতিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার পরীক্ষা শেষ হওয়ার চার মিনিট আগে সেই পরীক্ষা বাতিল ঘোষণা করল বিশ্ববিদ্যালয়।

শেষ হওয়ার ৪ মিনিট আগে বাতিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা,  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার পরীক্ষা শেষ হওয়ার চার মিনিট আগে সেই পরীক্ষা বাতিল ঘোষণা করল বিশ্ববিদ্যালয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাষ্ট্র বিজ্ঞানের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা ছিল। ১২টা ৫৬ মিনিটে পরীক্ষা নিয়ামক অফিস থেকে প্রত্যেক কলেজে বিজ্ঞপ্তি পাঠিয়ে এদিনের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। আগামী ১৫জুলাই ওই পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী অভিহিত করার ঘটনায় আগেই মুখ পুড়েছিল বিশ্ববিদ্যালয়ের। সেই বিতর্কের মধ্যেই শুক্রবার এই পরীক্ষা বাতিলের ঘটনা ঘটল।

Advertisement

শুক্রবার রাষ্ট্রবজ্ঞানের অনার্সে ডিএসই তিনটি পেপারের পরীক্ষা ছিল। ওই পেপারের দু’টি গ্রুপ আছে। একটি হল, ‘সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড।’ অন্য গ্রুপটি হল, ‘উইমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স।’ অপশনাল এই দু’টি গ্রুপের মধ্যে ছাত্রছাত্রীরা পছন্দের একটি গ্রুপ বেছে পড়াশোনা করেন। দু’টি গ্রুপ থেকেই প্রশ্ন আসা প্রচলিত নিয়ম। কিন্তু, শুক্রবার ‘সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড’ থেকে প্রশ্ন এলেও অন্য গ্রুপ থেকে কোনও প্রশ্নই আসেনি। স্বাভাবিকভাবে ‘উইমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স’ গ্রুপকে যাঁরা অপশনাল হিসেবে বেছে পড়াশোনা করেছেন তাঁদের কাছে প্রশ্নপত্র বোধগম্য হয়নি। প্রশ্ন হাতে পাওয়ার পরই হলের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। পরীক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষা দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল। ঠিক তার চার মিনিট আগে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী নোটিস দিয়ে জানিয়েছেন, শুধুমাত্র ‘উইমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স’ অপশনাল পেপার যাঁদের আছে, সেই ছাত্রছাত্রীরা আগামী ১৫জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই পরীক্ষা দেবেন। এদিনের ঘটনায় প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 
এর আগে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করায় প্রবল বিতর্কের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয়কে। সেই ঘটনায় ভুল স্বীকার করে দু’জন দায়িত্বপপ্রাপ্তকে সরিয়ে দেন উপাচার্য দীপককুমার কর।  কাঁথি পিকে কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, ১২টা ৫৬মিনিটে পরীক্ষা বাতিলের নোটিস আসে। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র বলেন, প্রশ্নপত্র দেওয়ার পরই ছাত্রছাত্রীরা বিষয়টি আমাদের নজরে আনে। পরীক্ষা শেষ হওয়ার চার-পাঁচ মিনিট আগে পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ