Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো আইপিএসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু পুলিসের

শুধু প্রতারণাই নয়, পরিচয় ভাঁড়িয়ে একাধিক বিয়েও করে থাকতে পারে সেই ভুয়ো আইপিএস।

ভুয়ো আইপিএসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু পুলিসের
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শুধু প্রতারণাই নয়, পরিচয় ভাঁড়িয়ে একাধিক বিয়েও করে থাকতে পারে সেই ভুয়ো আইপিএস। অভিযুক্তের সঙ্গে যোগ থাকতে পারে বড়সড় কোনও প্রতারণাচক্রের। স্ত্রীকে নির্যাতন, প্রতারণা সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ভুয়ো আইপিএস হৃদয় দেব বসাকের বিরুদ্ধে তদন্তে এমনই অনুমান রায়গঞ্জ থানার পুলিসের। সেইসঙ্গে তদন্তে স্পষ্ট হয়েছে, ধৃত হৃদয় তার স্ত্রীকে শুধু মারধর করত না, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারারও হুমকি দিত। পুলিসের বক্তব্য, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার পুলিস অভিযুক্তকে জেলা আদালতে হাজির করে। আদালত ধৃতকে ৫ দিনের জন্য পুলিস হেফাজতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের বক্তব্য, ধৃতের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তার পরিচয়, বাড়ির ঠিকানা থেকে শুরু করে নানা বিষয়ে খতিয়ে দেখা শুরু হয়েছে।  অভিযোগকারী বধূর দাদা বিশ্বজিৎ দাস বলেন, আট মাস আগে আইপিএস অফিসার পরিচয় দিয়ে আমার বোনকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের জালে ফাঁসায় অভিযুক্ত হৃদয়। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের মাস ছয়েকের মধ্যে হৃদয়ের কথাবার্তা, চালচলনে সন্দেহ হয় বোনের। সে পেশা নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন তুললে, তাঁকে বেধড়ক মারধর ও মানসিক নির্যাতন করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়েও তাঁকে প্রাণে মারার হুমকি দিত। শেষপর্যন্ত হৃদয় আমার বোনকে এমন মারধর করে যে, তাকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করতে হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত সেই ভুয়ো আইপিএস বলে, আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে।  ধৃত ভুয়ো আইপিএস হৃদয় দেব বসাক। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ