নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাকুম্ভের স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। আর সেই স্পেশাল সেমি-হাইস্পিড ট্রেনের ঘোষণা হতেই মাঝরাতের মধ্যেই শেষ হয়ে গেল ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় টিকিট। শনিবার বিকেল পর্যন্ত দিল্লি থেকে প্রয়াগরাজগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ‘ওয়েটিং লিস্ট’ দাঁড়িয়ে গেল প্রায় তিনশোতে। শুক্রবার সন্ধ্যায় নর্দার্ন রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, মহাকুম্ভের মাত্রাছাড়া যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য এই সপ্তাহান্তে শনি, রবি এবং সোমবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। প্রসঙ্গত, কুম্ভের জন্য এই প্রথম স্পেশাল বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। শনিবার রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে। মহাকুম্ভের জন্য স্পেশাল বন্দে ভারত ট্রেনের পরিষেবা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো যায় কিনা, তা দেখা হচ্ছে।



