Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরিয়ানির মাংসে পোকা রাস্তায় হাঁড়ি উল্টে দিল জনতা

ফের শিলিগুড়ি শহরে বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার অভিযোগ উঠল। এবারও শহরের একটি খাবারের দোকানে।

বিরিয়ানির মাংসে পোকা রাস্তায় হাঁড়ি উল্টে দিল জনতা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের শিলিগুড়ি শহরে বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার অভিযোগ উঠল। এবারও শহরের একটি খাবারের দোকানে। আর এই ঘটনাকে ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে। উত্তেজিত লোকজন বিরিয়ানির হাঁড়ি উল্টে দিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। 

Advertisement

এক কলেজ ছাত্রী এদিন চম্পাসারির একটি বিরিয়ানির দোকান থেকে চিকেন বিরিয়ানি কিনে বাড়িতে ফেরেন। তাঁর দাবি, বাড়িতে গিয়ে বিরিয়ানির প্যাকেট খুলে দেখেন মাংসের মধ্যে একটি সাদা অংশে ছোট ছোট প্রচুর পোকা কিলবিল করছে। এরপরই তিনি বিরিয়ানির প্যাকেট ও মাংসটি নিয়ে তাঁর মায়ের সঙ্গে দোকানে আসেন। তাঁর অভিযোগ, বিরিয়ানির মাংসে পোকা রয়েছে, এটা দেখে দোকানের কর্মচারীরা পোকাগুলি ঝেড়ে ফেলার চেষ্টা করেন। সেই সময় মা ও মেয়ে চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এবং রাস্তা দিয়ে যাতায়াতকারীরা জড়ো হয়ে তাঁদের চেঁচামেচির কারণ জানতে চান। মুহূর্তের মধ্যেই দোকানে ভিড় জমে যায়। 
অন্যান্য লোকজনও বিরিয়ানির মাংসে পোকা দেখতে পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। তাঁরা দোকান মালিকের খোঁজ করলে জানতে পারেন তিনি দোকানে নেই। কর্মচারীরা রয়েছেন। এরপরই প্রধাননগর থানাতে খবর দেওয়া হয়। এদিকে, পুলিস ভ্যান আসতে সামান্য দেরি করলে স্থানীয়রা সেই সময় বিরিয়ানির দোকানের সাইনবোর্ড এবং যে হাঁড়িতে বিরিয়ানি রাখা ছিল সেটি রাস্তায় ফেলে দেন। কিছু সময়ের জন্য দোকানের সামনের রাস্তা অবরোধ করেন। পরে পুলিস এসে অবরোধ উঠিয়ে দেয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিস কর্মীরা। 
সম্প্রতি শিলিগুড়ি শহরেরই অন্য একটি বিরিয়ানির দোকানের মাংসে পোকা পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জল অনেকদূর গড়িয়েছিল। বারবার বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার অভিযোগ সামনে আসায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এদিনের ঘটনা প্রসঙ্গে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক বলেন, ঘটনার খবর শোনার পর আমাদের ফুড সেফ্টি অফিসাররা ওই দোকানে গিয়ে নমুনা সংগ্রহ করছেন। এছাড়াও অন্যান্য দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহের কাজ চলছে। যেসব জায়গায় খাবারের গুণমান নিয়ে সমস্যা বলে মনে হচ্ছে, সেখানে যাওয়া হচ্ছে। কোনওরকম অসঙ্গতি সামনে এলেই সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।   নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ