Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার হাউস ফর অল প্রকল্পের বকেয়া টাকা মিলবে শীঘ্রই, পুরাতন মালদহ পুরসভায় এসেছে সাড়ে ৪ কোটি

পুরাতন মালদহ শহরের ২০টি ওয়ার্ডের ৮০০ উপভোক্তা হাউস ফর অল প্রকল্পের বকেয়া টাকা শীঘ্রই পাবেন। এজন্য সাড়ে চার কোটি টাকা এসেছে। এক সপ্তাহের মধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে।

এবার হাউস ফর অল প্রকল্পের বকেয়া টাকা মিলবে শীঘ্রই, পুরাতন মালদহ পুরসভায় এসেছে সাড়ে ৪ কোটি
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ২০টি ওয়ার্ডের ৮০০ উপভোক্তা হাউস ফর অল প্রকল্পের বকেয়া টাকা শীঘ্রই পাবেন। এজন্য সাড়ে চার কোটি টাকা এসেছে। এক সপ্তাহের মধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে। ওই টাকা দু’দফায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার পুরাতন মালদহ পুরসভার উদ্যোগে স্থানীয় পুরভবন সংলগ্ন একটি ভবনে ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রকল্পের উপভোক্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়। এতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার বিশ্বজিৎ হালদার, শত্রুঘ্ন সিনহা বর্মা, বাসন্তী রায় সহ অন্যরা। সেখানে উপভোক্তাদের প্রকল্পের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। টাকা পাওয়ার পর ছাদ ঢালাই সহ বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ, শনিবার ৯ থেকে ২০ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের নিয়ে বৈঠক হবে। সেখানেও একই বার্তা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

Advertisement

পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, হাউস ফর অল প্রকল্পের সাড়ে চার কোটি টাকা আগামী সাত দিনের মধ্যে উপভোক্তাদের দিয়ে দেওয়া হবে। সেই প্রস্তুতি পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন উপভোক্তাদের নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম।  
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবর্ষে ২০টি ওয়ার্ডে হাউস ফর অল প্রকল্পের মোট ৮০০ বাড়ির টাকা উপভোক্তারা সম্পূর্ণভাবে পাননি। পুরসভার পঞ্চম এবং ষষ্ঠ লটের ঘরগুলি অনুমোদন পায়। একজন উপভোক্তাকে বাড়ি তৈরি করতে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে ৩ লক্ষ ৪২ হাজার ৮৫০ টাকা দেওয়া হয়। 
উপভোক্তার নিজের ২৫ হাজার টাকা দিতে হয়। ওই টাকা ধাপে ধাপে দেওয়া হয়। ওই বর্ষগুলিতে ৬০০ জনের বাড়ি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আবার ২০০ উপভোক্তার অনেকের ভিত , লিন্টেল,  কারও বা ছাদ হয়েছে। ওই ২০০ উপভোক্তার টাকা আগে দেওয়া হবে। দ্বিতীয় দফায় সম্পূর্ণ বাড়ি হয়ে যাওয়া উপভোক্তাদের টাকা দেওয়া হবে। পুরসভার এক আধিকারিক বলেন, টাকা দেওয়া হবে। পুরসভার মূল উদ্দেশ্য দ্রুত কাজ শেষ করা। তাহলে আগামী দিনে প্রকল্পের ক্ষেত্রে সুবিধা হবে। 
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম ঘোষ বলেন, আমাদের ওয়ার্ডে বেশ কিছু উপভোক্তারা টাকা পাবেন। শনিবার কয়েকটি ওয়ার্ডের বৈঠক হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ