নয়াদিল্লি: ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট-রোহিত যুগের অবসান ঘটেছে। ইংল্যান্ড সফরের আগেই দুই মহাতারকা অবসর ঘোষণা করায় রীতিমতো বিষণ্ণ ক্রিকেটপ্রেমীরা। তবে কোচ গৌতম গম্ভীর বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। বিরাট-রোহিতের অবসর প্রসঙ্গে এক সাক্ষাত্কারে তাঁর মন্তব্য, ‘অবসর ক্রিকেটারদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে কোচ বা নির্বাচক, কারও কিছু বলার নেই। এটা অস্বীকারের জায়গা নেই যে, দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব অনুভূত হবে। পাশাপাশি এটাও ঠিক, বিরাট-রোহিতের অবসর অন্যদের সামনে দরজা খুলে দেবে।’
নিজের যুক্তিকে আরও দৃঢ় করতে যশপ্রীত বুমরাহর প্রসঙ্গও টানেন ভারতীয় দলের হেড কোচ। গৌতম গম্ভীরের সংযোজন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে যশপ্রীত বুমরাহ খেলতে পারেনি। তখনও আমি বলেছিলাম, এটা অন্যদের প্রমাণের সুযোগ। আমাদের বোলাররা সেটা করে দেখিয়েছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। একইভাবে বিরাট ও রোহিতের জায়গায় যারা সুযোগ পাবে, তারাও নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’ তাহলে গম্ভীর কি বলতে চাইছেন, তাঁর টিমে বুমরাহও অপরিহার্য নয়? ভারতীয় কোচের এই মন্তব্যের পর তেমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এমনিতে রোহিত-বিরাটের অবসরের জন্য অনেকেই গম্ভীরকে দায়ী করছেন। তাঁর সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই মহারথী! তবে ওডিআই ক্রিকেট খেলবেন তাঁরা। পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে গম্ভীরের জবাব, ‘সে তো অনেক দেরি। তার আগে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেটাতেই ফোকাস করছি। তবে একটা কথা আমি বারবার বলি, তুমি যদি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরতে পার, তাহলে বয়স নিছকই সংখ্যামাত্র।’
এদিকে, আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হবে শনিবার। একই সঙ্গে বেছে নেওয়া হবে টেস্ট দলের নতুন অধিনায়ক। রোহিতের উত্তরসূরি হওয়ার দৌড়ে ছিলেন যশপ্রীত বুমরাহ। কিন্তু শোনা যাচ্ছে, গম্ভীরের প্রথম পছন্দ শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের রাশ নিজের হাতে রাখতেই নাকি তরুণ তুর্কিকে ক্যাপ্টেন করতে চাইছেন তিনি।