Bartaman Logo
৯ জুন, ২০২৬

জঙ্গিদের পথ দেখিয়ে আনার সময় জম্মুতে ধৃত পাকিস্তানি

নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলা বরাবর সীমান্ত এলাকায় পাকড়াও পাকিস্তানের এক নাগরিক।

জঙ্গিদের পথ দেখিয়ে আনার সময় জম্মুতে ধৃত পাকিস্তানি
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলা বরাবর সীমান্ত এলাকায় পাকড়াও পাকিস্তানের এক নাগরিক। ধৃত পাকিস্তানি মহম্মদ আরিফ জঙ্গিদের পথ দেখিয়ে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল। সোমবার সেনা আধিকারিকরা একথা জানিয়েছেন। জয়েশ-ই-মহম্মদের চার জঙ্গিকে নিয়ে ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছিল আরিফ। কিন্তু সতর্ক সেনা জওয়ানদের নজর এড়াতে পারেনি তারা। সেনা জওয়ানরা আরিফকে ধরে ফেলেন। আরিফ ধরা পড়তেই তার সঙ্গী চার জঙ্গি পাহাড়ের খাদে লাফ দেয়। তারপর জখম অবস্থায় পাকিস্তানের দিকে পালিয়ে যায়। আপাতত আরিফকে জেরা করা হচ্ছে। 

Advertisement

জানা গিয়েছে, ধৃত আরিফ পাক অধিকৃত কাশ্মীরের কোটলির ডেটোট গ্রামের বাসিন্দা। তাকে হাজুরা পোস্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর এস অব স্পেডস ডিভিশন। সেনা সূত্রে খবর, লাইন অব কন্ট্রোলের ওই এলাকা অত্যন্ত দুর্গম। রবিবার সেখানে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে বাহিনীর। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে বাহিনী।  পাকড়াও করা হয় একজনকে।  অন্য চার জঙ্গি একটি খাদে লাফিয়ে পড়ে। খারাপ আবহাওয়া ও দুর্গম পার্বত্য এলাকার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । সীমান্তের ওপারেই পাকিস্তানি সেনার পোস্ট থাকায় গুলি চালায়নি সেনা। ড্রোন ফুটেজে দেখা গিয়েছে, জঙ্গিরা যে খাদে লাফিয়ে পড়েছিল সেখানে রক্তের দাগ রয়েছে। মনে করা হচ্ছে, লাফিয়ে পড়ার কারণেই আহত হয়েছে জঙ্গীদের সঙ্গীরা। আরিফের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ কুড়ি হাজার পাকিস্তানি টাকা পাওয়া গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন  এলাকার বাসিন্দা হওয়ায় গোটা এলাকা সম্পর্কে ধারনা ছিল আরিফের। সেই কারণেই পাক বাহিনীর হয়েই ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতো সে। আরিফের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ