চণ্ডীগড়: ভারত থেকে শুধুমাত্র বিচ্ছিন্ন কিছু তথ্য পাচার নয়, হরিয়ানার ধৃত ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রাকে পুরোপুরি গুপ্তচর বা ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তুলতে সক্রিয় হয়েছিল আইএসআই। শনিবার জ্যোতিকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিস। তাকে জেরার পর এমনই তথ্য হাতে পেয়েছে পুলিস। হিসারের পুলিস সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানিয়েছেন, অপারেশেন সিন্দুর ও তারপরে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীনও পাকিস্তান হাই কমিশনের এক অফিসারের সঙ্গে যোগাযোগ রেখে চলত জ্যোতি। সংঘাত চলাকালীন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরোধী পোস্টও করেছিল সে। পুলিস সুপার আরও জানান, ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের গতিবিধি সংক্রান্ত কোনও তথ্য জ্যোতির হাত দিয়ে পাচার হয়েছে বলে এখনও তেমন প্রমাণ মেলেনি। তবে সে একাধিক সন্দেহভাজন ও ভারতে অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগ রেখে চলত। এর প্রমাণ মিলেছে। বেশ কয়েকবার পাকিস্তান ও একবার চীনে ঘুরতেও যায় জ্যোতি। পুলিস সুপার বলেন, ‘এটা নিশ্চিত যে, জ্যোতিকে আইএসআইয়ের অ্যাসেট হিসেবে তৈরি করা হচ্ছিল। অন্য ইউটিউবারদের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি শুরু করেছিল সে। এটাও এক ধরনের যুদ্ধ, যাতে ওরা (পাক গুপ্তচর সংস্থা) নিজেদের মতবাদ ইউটিউবারদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।’ ধৃত ইউটিউবারের আর্থিক লেনদেন, ভ্রমণের তথ্য, সে কাদের সঙ্গে দেখা করত, তা খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতির ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেটের ফরেন্সিক পরীক্ষা করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন, জ্যোতি তার আয়ে কীভাবে ভ্রমণের খরচ মেটাত, সেটাও দেখা হচ্ছে।



