Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দলকে না জানিয়ে পুরসভা অভিযান করে বিতর্কে পদ্ম বিধায়ক শিখা

পুরসভা অভিযান করে দলেই বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

দলকে না জানিয়ে পুরসভা অভিযান করে বিতর্কে পদ্ম বিধায়ক শিখা
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পুরসভা অভিযান করে দলেই বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ডাম্পিংগ্রাউন্ড সরানোর দাবিতে সোমবার শিলিগুড়ি পুরসভায় অভিযান করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক। তাঁর কর্মসূচিতে শিলিগুড়ি পুরসভায় বিজেপির কোনও কাউন্সিলারকে দেখা যায়নি। সেরকম শিলিগুড়ির সাংগঠনিক জেলা নেতৃত্বেরও কেউ কর্মসূচিতে ছিলেন না। এ নিয়েই দলের মধ্যে প্রশ্ন উঠেছে, দলকে না জানিয়ে শিখা কেন এই কর্মসূচি নিলেন।

Advertisement

ডাম্পিংগ্রাউন্ড থেকে নির্গত ধোঁয়ায় শহর ঢাকছে। সকাল থেকে অল্প অল্প ধোঁয়া থাকলেও বিকেলের পর সম্প্রতি কিছুদিন ধোঁয়ার চাদরে ঢেকে যায় শহরের ৪২ নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। এই অভিযোগে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন বিজেপি জেলা নেতৃত্ব। সঙ্গে ছিলেন চারজন কাউন্সিলার। দল যেখানে এই ইস্যুতে আন্দোলনে নেমেছে, তখন দলকে না জানিয়ে নিজের এলাকার নেতাকর্মীদের নিয়ে শিখাদেবী কেন এই অভিযান করলেন? এই প্রশ্নে দলের মধ্যে চাপা অসন্তোষ শুরু হয়েছে। 
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির এক সদস্য বলেন, আমাদের বেশ কিছু জন প্রতিনিধি অনেকদিন ধরে দলকে অন্ধকারে রেখে নিজেদের মতো করে কর্মসূচি নিয়ে চলেছেন। এতে জনসাধারণের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাংগঠনিক ক্ষেত্রেও নানা জটিলতা ও বিতর্ক তৈরি হচ্ছে। বারবার বলার পরও জনপ্রতিনিধিরা এ ব্যাপারে সংযত হননি। এদিন শিখা দেবী একই কাজ করায় সাংগঠনিক নেতৃত্বের প্রতি জনপ্রতিনিধিদের অবহেলার দিকটি আবারও প্রকাশ্যে এল। যদিও এ ব্যাপারে বিতর্কের কিছু দেখছেন না শিখা দেবী। তিনি বলেন, আমি ওই এলাকার বিধায়িকা। এলাকার মানুষ ডাম্পিংগ্রাউন্ড দিয়ে জেরবার হয়ে উঠেছে। তাঁরা দুর্গন্ধ, ধোঁয়ায় টিকতে পারছেন না। তাঁরা আমার কাছে অভিযোগ জানিয়ে সুরাহা চেয়েছেন। তাই এলাকার মানুষের দাবিতে আমি এদিন কর্মসূচি নিয়েছিলাম। এটি আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ে। এলাকার আমাদের সব পঞ্চায়েত সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শিখা দেবীর এই বক্তব্যে দলীয় নেতৃত্বের একাংশের প্রশ্ন, এলাকার মানুষের দাবিতে আন্দোলন করলে দলের পতাকা ব্যবহার করলেন কেন? 
শিলিগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডটি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত। কিন্তু এই এলাকার সংযোজিত ১৪ টি ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির। তাই শিলিগুড়ি জেলা কমিটিকে জানিয়ে কর্মসূচি নিতে হবে বলে দাবি বিজেপির একাংশের। যদিও শিখা দেবীর দাবি, এদিনের কর্মসূচি হঠাৎ করে নেওয়া হলেও দলের সকলেই সব জানেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলও যে বিষয়টি জানতেন না তা তাঁর কথাতেই ধরা পড়েছে। শিখা দেবীর এদিনের কর্মসূচি নিয়ে তাকে প্রশ্ন করা হলে অরুণবাবু বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ