Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কার্তিক পুজোয় পথ মুড়ছে সিসি ক্যামেরায় সরানো হচ্ছে বিদ্যুৎবাহী ওভারহেড তারও, বাঁশবেড়িয়ায় শোভাযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর জনপ্রিয়তা তুঙ্গে। গত কয়েক বছর ধরে শুধু প্রতিমা দর্শন নয়, ঐতিহ্যবাহী শোভাযাত্রাতেও বাড়ছে ভিড়।

কার্তিক পুজোয় পথ মুড়ছে সিসি ক্যামেরায় সরানো হচ্ছে  বিদ্যুৎবাহী ওভারহেড তারও, বাঁশবেড়িয়ায় শোভাযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর জনপ্রিয়তা তুঙ্গে। গত কয়েক বছর ধরে শুধু প্রতিমা দর্শন নয়, ঐতিহ্যবাহী শোভাযাত্রাতেও বাড়ছে ভিড়। এই পরিস্থিতিতে ভিড় সামাল দেওয়া এবং নিরাপত্তার নিরিখে শোভাযাত্রার রাস্তা সিসি ক্যামেরায় মুড়ে দিচ্ছে বাঁশবেড়িয়া পুরসভা। প্রায় পাঁচ কিমি রাস্তার সবটাই সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। এবার শোভাযাত্রার প্রাক্কালে ক্যামেরা বসানো হলেও শহরের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা স্থায়ীভাবেই রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে পুজো মরশুমে বাঁশবেড়িয়ায় বাড়তি নজরদারির সুবিধা পাবেন দর্শকরা, আর বছরভর সুবিধা পাবেন এখানকার বাসিন্দারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে। নজরদারির বিষয়টি পুলিশ ও পুরসভা যৌথভাবে করবে। এজন্য পুরসভায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। 

Advertisement

এদিকে, পথ দেখিয়েছে চন্দননগর। এবছর চন্দননগরের শোভাযাত্রার আগে রাস্তার সমস্ত বিদ্যুৎবাহী তার মাটির নীচে দিয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। সেই পথ ধরেই বাঁশবেড়িয়ায় এবার শোভাযাত্রার পথের সমস্ত ওভারহেড তার সরিয়ে ফেলা হয়েছে। বিরাট আকারের কার্তিক প্রতিমা এবং আলোকসজ্জার তোরণের কারণে ওভারহেড তারগুলি সমস্যা তৈরি করত। এবছর রাস্তার দু’পাশ থেকে তার সরিয়ে দেওয়ায় বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনায় ইতি পড়েছে। পাশাপাশি, শোভাযাত্রার পথ হবে বাড়তি নিরাপদ। ঐতিহ্যবাহী কার্তিক পুজোর মুখে এই দুই আয়োজনকে ঘিরে সাড়া পড়েছে বাঁশবেড়িয়ায়। পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, সবটাই মানুষের জন্য। বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোয় প্রতি বছরই ভিড় বাড়ছে। ফলে নিরাপত্তার কারণেই নজরদারি বাড়ানোর প্রয়োজনীতা দেখা দিয়েছিল। এই অবস্থায় আমরা সমস্ত শোভাযাত্রার পথ সিসি ক্যামেরার নজরদারিতে আনছি। পুরসভার নিজস্ব তহবিল থেকে ওই ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে বিদ্যুৎ বণ্টন কোম্পানি আমাদের আবেদনে সাড়া দিয়ে শোভাযাত্রার রাস্তা থেকে ওভারহেড তার সরিয়ে দিয়েছে। যা একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বাঁশবেড়িয়ার বসু লেনের অনির্বাণ ক্লাব জামাই কার্তিকের পুজো করে। পঞ্চাশ বছরের এই পুজো কমিটির কর্তা অমিত ঘোষ বলেন, সরকার এবং পুরসভার ভাবনা অনবদ্য। শোভাযাত্রার সমস্যা এবং ভিড় বৃদ্ধির কারণে নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন ছিলই। দু’টি সমস্যারই সমাধান পুজো মরশুমে হচ্ছে, এটা আমাদের কাছে বাড়তি উপহার।
কার্তিক পুজোর ভাসানের শোভাযাত্রার পথ সাহাগঞ্জ থেকে কল্যাণী সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিমি বিস্তৃত। এই পথকেই সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রায় সাত কিমি পথের ওভারহেড তারও শোভাযাত্রার কারণে সরানো হচ্ছে। পুজোর আগে তাই বাড়তি উৎসবের আবহ বাঁশবেড়িয়ায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ