Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

দু’বছরে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ! যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্নের মুখে রেল

যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা থেকে ট্রেন কোচের পরিচ্ছন্নতা। রেল কর্মীদের ব্যবহার, আচার-আচরণ থেকে ট্রেন এবং স্টেশনে পর্যাপ্ত পানীয় জলের অভাব। কিংবা কেটারিং পরিষেবা।

দু’বছরে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ! যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্নের মুখে রেল
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা থেকে ট্রেন কোচের পরিচ্ছন্নতা। রেল কর্মীদের ব্যবহার, আচার-আচরণ থেকে ট্রেন এবং স্টেশনে পর্যাপ্ত পানীয় জলের অভাব। কিংবা কেটারিং পরিষেবা। যাবতীয় ইস্যুতে লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়েছে রেলমন্ত্রকের কাছে। উদ্বেগের বিষয় হল, এহেন লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়েছে মাত্র দু’বছরের মধ্যে। ২০২৩-২৪ আর্থিক বছর এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এমন অভিযোগের সংখ্যা ৬১ লক্ষেরও কিছু বেশি। এখানেই শেষ নয়। মাত্র এক বছরেই ট্রেনের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সাড়ে সাত লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে। এক বছরের ব্যবধানে ট্রেনে বিভিন্ন পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগের সংখ্যা সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় চার লক্ষ। অর্থাৎ, একের পর এক গালভরা ঘোষণা সত্ত্বেও রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য রয়ে গিয়েছে সেই তিমিরেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রবল চর্চা শুরু হয়েছে। 

Advertisement

সম্প্রতি রেল যাত্রীদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে খোঁজ নিতে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। সেই জবাবেই রীতিমতো উদ্বেগজনক খতিয়ান প্রকাশ করেছে রেল বোর্ড। দেখা যাচ্ছে, ট্রেনে অন-বোর্ড বিভিন্ন পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগের সংখ্যা এক বছরের ব্যবধানে ৪ লক্ষ ২৮ হাজার ৪৩২টি বৃদ্ধি পেয়েছে। ট্রেনে অন-বোর্ড এবং রেলওয়ে স্টেশনের একাধিক পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগের সংখ্যা উল্লিখিত দু’টো আর্থিক বছরে মোট ৬১ লক্ষ ৫ হাজার ৪০৪টিতে। ট্রেনে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে অভিযোগের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় তিন লক্ষ বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, ট্রেনে এবং রেলে যত অভিযোগ জমা পড়েছে উল্লিখিত দু’টো আর্থিক বছরে, তার মধ্যে সর্বাধিক এই যাত্রী সুরক্ষা নিয়েই। অন্তত এমনই দেখা যাচ্ছে সংশ্লিষ্ট আরটিআইয়ের জবাব থেকে। 
ট্রেনে রেল কর্মীদের ব্যবহার নিয়ে অভিযোগ বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার। ট্রেনে জলের অভাব সংক্রান্ত অভিযোগ বৃদ্ধি পেয়েছে ২৫ হাজারেরও বেশি। ট্রেনে কেটারিং পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৬ হাজার। অন্যদিকে, রেল স্টেশনে যাত্রী সুবিধা না থাকা নিয়ে অভিযোগের সংখ্যাও কম নয়। এক বছরের ব্যবধানে এই সংক্রান্ত অভিযোগ প্রায় চার হাজার বেড়ে গিয়েছে। স্টেশনের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার। রেলওয়ে স্টেশনেও বহু ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন রেল যাত্রীরা। এক বছরের ব্যবধানে অভিযোগও বেড়েছে ১১ হাজার। সবমিলিয়ে ২৯টি ক্যাটিগরির অভিযোগের খতিয়ান দিয়েছে রেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ