Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোটে দাগ কাটবে না বিরোধী জোট, আত্মবিশ্বাসী কানিমোঝি

আসন্ন নির্বাচনে দাগ কাটতে পারবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধি।

ভোটে দাগ কাটবে না বিরোধী জোট, আত্মবিশ্বাসী কানিমোঝি
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: আসন্ন নির্বাচনে দাগ কাটতে পারবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধি। বৃহস্পতিবার মাদুরাই দক্ষিণের ডিএমকে প্রার্থী ভূতনাথনের হয়ে প্রচার করেন কানিমোঝি। সেখান থেকেই বিরোধী পক্ষকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘মানুষ আপনাদের (এনডিএ) ভোট দেবে না। ডিএমকে ও সহযোগী দলগুলি বিপুল জনসমর্থন পাবে। তামিলদের উন্নত ভবিষ্যতের পক্ষেই মানুষ রায় দেবে। তাঁরা জানে, আমরাই যাবতীয় আশা-আকাঙ্খা পূরণ করতে সক্ষম।’ বিজেপির সঙ্গে জোট নিয়েও এডিএমকে দলকেও তীব্র আক্রমণ শানান কানিমোঝি। তিনি বলেন, ‘পালানিস্বামী বলেছিলেন, কোনো পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট করবেন না। এখন তিনিই গেরুয়া শিবিরের হাত ধরেছেন।’ 

Advertisement

বাংলার মতো তামিলনাড়ুতেও শাসকদলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেছে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেখানে ডিএমকে দলকে ‘পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত’ বলে তীব্র আক্রমণ করা হয়। এদিন পালটা কানিমোঝি বলেন, ‘পীযূষও রাজনৈতিক পরিবার থেকেই এসেছেন। একথা তাঁর মুখে মানায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া গেরুয়া শিবিরের বেশিরভাগ নেতাই উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন।’ 
পাশাপাশি এদিন বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলেও কটাক্ষ করেছেন তিনি। ডিএমকে ‘হিন্দুবিরোধী’, বিজেপির এই অভিযোগও খণ্ডন করে দিয়ে কানিমোঝি বলেন, ‘আমরা বিভেদে বিশ্বাস করি না। সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াইয়ের মানে এই নয় যে আমরা সংখ্যাগরিষ্ঠের বিপক্ষে।’ ডিএমকের আমলে ৪ হাজারের বেশি মন্দির সংস্কারের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ