Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতোয়ালির গনি দরবারে যাওয়ার পথে উড়ছে শুধুই তৃণমূলের পতাকা

ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড় থেকে পুখুরিয়া রাজ্যসড়ক ধরে পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় কোতোয়ালিতে।

কোতোয়ালির গনি দরবারে যাওয়ার পথে উড়ছে শুধুই তৃণমূলের পতাকা
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌম্য দে সরকার, মালদহ: ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড় থেকে পুখুরিয়া রাজ্যসড়ক ধরে পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় কোতোয়ালিতে। এখানেই রয়েছে গনিখান চৌধুরীর বাসভবন। যে জায়গা একসময় ব্যস্ত থাকত কংগ্রেসের নেতাকর্মীদের আনাগোনায়। শাহ জালালপুর মৌজায় এই কোতোয়ালি ভবনের বারান্দায় বসে থাকতেন দু’দশক আগেও জেলা রাজনীতির শেষ কথা বরকত গনিখান চৌধুরী। তাঁর রাজনৈতিক আনুকূল্য পেতে, প্রার্থী হওয়ার আবদার নিয়ে লাইন দিতেন বিভিন্ন স্তরের কংগ্রেস নেতাকর্মীরা। এবার বিধানসভা ভোটের প্রচার যখন মাঝপথে, চৈত্রের এমন এক দুপুরে ভিন্ন চিত্র কোতোয়ালি ভবন এবং তার প্রবেশপথে। অপ্রশস্ত রাস্তার দু’পাশে নির্জন দুপুরে উড়ছে ঘাসফুল প্রতীক আঁকা তৃণমূল কংগ্রেসের পতাকা। দেখে মনে হতে পারে, কাছেই রয়েছে তৃণমূলের কোনো দলীয় কার্যালয়।

Advertisement

অলস দুপুরে কোতোয়ালি ভবন যেন নির্বাচনি উত্তেজনা থেকে বেশ কিছুটা দূরে। মালতীপুরে নিজের নির্বাচনি কেন্দ্রে প্রচারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মৌসম নুর। সংলগ্ন ভবনে জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ইংলিশবাজারের কংগ্রেস প্রার্থী মাসুদ আলম এবং মানিকচকের দলীয় প্রার্থী আনসারুল হক। তাঁদের নিয়ে গনিখানের মাজারে শ্রদ্ধা জানিয়েই মৌসম এবং ঈশা ব্যস্ত হয়ে পড়লেন নিজের নিজের রাজনৈতিক কর্মসূচি নিয়ে।
কিন্তু এক সময়ের কংগ্রেসের অলিখিত সদর দপ্তরের রাস্তা জুড়ে তখন হাওয়ায় দুলছে হাত নয়,তৃণমূলের পতাকা। স্থানীয় তৃণমূল কর্মীরা সকলেই ব্যস্ত নির্বাচনি প্রচারে। তাঁদের দেখা মেলেনি। তবে ওই রাস্তার উপরে থাকা একটি ছোট মুদিখানার ভিতরে থাকা এক গৃহবধূ জানালেন, এখন এখানে জোড়াফুলের সমর্থক বেড়েছে। আসলে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তৃণমূলের আমলে। কৃতজ্ঞতা তো রয়েইছে। তাই নিজেদের বাড়িতে তৃণমূলের কর্মীরা তাঁদের দলের পতাকা লাগাতে এলে আপত্তি করার প্রশ্নই নেই। বলেই ঘরের ভিতরে ঢুকে পড়লেন মধ্য ত্রিশের ওই গৃহবধূ।
শাহ জালালপুরের রাস্তা বরাবর কেন এত তৃণমূলের পতাকা? কংগ্রসের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? জবাব মিলল স্থানীয় একটি চায়ের দোকানির কাছ থেকে। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের বক্তব্য, সেই গনিও নেই, কংগ্রেসও নেই। তবে আমরা এখনও ওঁদের পরিবারকে ভালোবাসি। কথা বলতে বলতে ইঙ্গিত করে দেখালেন তাঁর ইটের বাড়ির একটি কার্নিশে রয়ে গিয়েছে চারপাশের তৃণমূলের পতাকার মধ্যে একটি কংগ্রেসেরও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ