নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে প্রচারই সার। বছর গড়ালেও মিলছে না সাড়া। নরেন্দ্র মোদি সরকারের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (পিএমআইএস) নিয়ে তরুণদের মধ্যে উৎসাহে ঘাটতির কথা কার্যত স্বীকারই করে নিল কেন্দ্র। গত বছর অক্টোবরে চালু হয়েছিল এই প্রকল্প। লক্ষ্য ছিল নামজাদা সংস্থাগুলিতে ইন্টার্নশিপের মাধ্যমে পাঁচ বছরে অন্তত এক কোটি তরুণ-তরুণীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু প্রধানমন্ত্রী মোদির সাধের এই প্রকল্পের বর্তমান হাল কেমন? এই ইশ্যুতে তৃণমূল কংগ্রেস সংসদ সায়নী ঘোষ ও জুন মালিয়ার করা প্রশ্নের তাৎপর্যপূর্ণ জবাব এসেছে সরকারের তরফে। সোমবার লোকসভায় লিখিত জবাব পেশ করেছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা। সরকার জানিয়েছে, এই প্রকল্পে প্রথম দফায় ৬০ হাজার ও দ্বিতীয় দফায় ৭১ হাজারের বেশি প্রার্থীকে ইন্টার্নশিপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দুই দফা মিলিয়ে প্রস্তাব গ্রহণ করে ইন্টার্নশিপের জন্য যোগ দেন মাত্র ১৬ হাজার জন। প্রথম দফায় ৮ হাজার ৭০০, দ্বিতীয় দফায় ৭ হাজার ৩০০ জন।



