Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোশ্যালে মদ বিক্রি, ধৃত এক

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল চলাকালীন রাতে একটি স্টল থেকে মদ বিক্রির অভিযোগ উঠেছে

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোশ্যালে মদ বিক্রি, ধৃত এক
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঘটনাস্থল কোচবিহারের পুণ্ডিবাড়ি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল চলাকালীন রাতে একটি স্টল থেকে মদ বিক্রির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, স্টলটি চালাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কর্তৃপক্ষ। এনিয়ে শোরগোল শুরু হতেই ক্যান্টিনের কর্ণধারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ  দায়ের করে। এরপরই সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুণ্ডিবাড়ি থানা। 

Advertisement

কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা শনিবার মদ বিক্রির বিষয়টি জানতে পারেন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তিকে হাতেনাতে তাঁরা ধরেও ফেলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখে সোমবার ক্যান্টিনের কর্ণধার ও ম্যানেজারকে ডেকে পাঠায়। অভিযোগ দায়ের হলে পুলিস ক্যান্টিনের কর্ণধারকে গ্রেপ্তার করে। ধৃতের নাম হরিপদ জানা। মাস তিনেক আগে তিনি টেন্ডারের মাধ্যমে ক্যান্টিন চালানোর দায়িত্ব পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল বলেন, ক্যাম্পাসে সোশ্যাল চলকালীন ক্যান্টিনে মদ বিক্রি করা হচ্ছিল। আমাদের নিরাপত্তারক্ষীরা তা হাতেনাতে ধরেছেন। পুলিসকে তৎক্ষণাৎ বিষয়টি জানাই আমরা। আসলে একটি এজেন্সি ক্যান্টিনটি চালাচ্ছিল। তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ নির্মল অঞ্জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে তিনদিন ধরে সোশ্যাল হয়েছে। রবিবার ছিল শেষদিন। শনিবার আমার কাছে খবর আসে ক্যান্টিনের পক্ষ থেকে যে স্টল দেওয়া হয়েছে সেখানে মদ বিক্রি করা হচ্ছে। হাতেনাতে ধরতে ওঁত পেতে থাকি। রবিবার কয়েকজন নিরাপত্তাকর্মীকে ছাত্রদের মাঝে থাকতে বলি। তাঁরাই বিষয়টির উপর কড়া নজর রাখেন। এরপর যথাসময়ে আমাকে খবর দিলে রাত সাড়ে ১১টা নাগাদ হাতেনাতে বিষয়টি ধরে ফেলি। কয়েক বোতল মদও উদ্ধার হয়েছে। রাতেই কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়। সোমবার কর্তৃপক্ষ ক্যান্টিনের কর্ণধার ও ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। থানায় অভিযোগও দায়ের করা হয়। পুলিস ক্যান্টিনের মালিককে গ্রেপ্তার করেছে। 
পুন্ডিবাড়ি থানার এক অফিসার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের অন্দরে মদের মতো নেশার সামগ্রী বিক্রির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শুক্র, শনি ও রবিবার সোশ্যাল ছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক জায়গায় ক্যান্টিন চলে। ওই ক্যান্টিনেরই একটি স্টল অন্যত্র চালানো হয়। সোশ্যালের সময়ও রাতে সেটি চলছিল। সেখান থেকেই রীতিমতো গোপনে মদ বিক্রির কারবার চলছিল। বিষয়টি জানার পরই নিরাপত্তাকর্মীরা স্টল থেকে মদ বিক্রির ভিডিও করেন। হাতেনাতে কয়েক বোতল মদ উদ্ধার করা হয়।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ