ফ্লোরিডা: ফুটবল মাঠে তাঁকে দেখার জন্য গ্যালারিতে ভিড় উপচে পড়ে। ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ, মেসি ম্যাজিকে মোহিত সবাই। সমাজের সব স্তরের মানুষই তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। সেই লিও মেসি এবার হাজির হলেন টেনিস গ্যালারিতে। মায়ামি ওপেনের শেষ চারের লড়াইয়ে নোভাক জকোভিচ বনাম গ্রিগর দিমিত্রভের লড়াই দেখতে মায়ামি গার্ডেন্সের হার্ড কোর্টে উপস্থিত ছিলেন আর্জেন্তাইন মহাতারকা। দুই পুত্র ও স্ত্রীকে সঙ্গে নিয়েই সার্বিয়ান তারকার জয় দেখলেন মেসি। আর ম্যাচ শেষে লকার-রুমে ইন্তার মায়ামির ১০ নম্বর জার্সিও তুলে দিলেন জোকারের হাতে। বিশ্বের সেরা ফুটবলারের কাছ থেকে এই উপহার পেয়ে আপ্লুত নোভাক। ম্যাচ শেষে জানালেন, ‘মেসি গ্যালারিতে বসে খেলা দেখছেন, এর চেয়ে গর্বের আর কী বা হতে পারে। সম্ভবত প্রথমবারই সে আমার খেলা দেখতে এসেছে। তাও আবার পরিবারের সঙ্গে। এটা আমার কাছে বড় প্রাপ্তি। চাইনি, লিওর সামনে হেরে কোর্ট ছাড়তে।’



