নয়াদিল্লি: মঞ্চে উঠে আর হুঁশ থাকছে না। অপারেশন সিন্দুর নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে ফেলছেন গেরুয়া শিবিরের নেতারা। এর জেরে সম্প্রতি চরম অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। আর তার সুযোগ নিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে সতর্কবার্তা এল স্বয়ং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছ থেকে। রবিবার এনডিএ শিবিরের নেতা-মন্ত্রীদের তাঁর পরামর্শ, বুঝে-শুনে শব্দ খরচ করতে হবে। এদিন দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই এই বার্তা দিয়েছেন তিনি।
অপারেশন সিন্দুর নিয়ে সম্প্রতি হরিয়ানা ও মধ্যপ্রদেশের একাধিক বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। এর জেরে সুপ্রিম কোর্টের ভৎর্সনার মুখে পড়েন তিনি। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশনও। প্রকাশ্যে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি আদালতে। এরমধ্যে মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া বলে বসেন, প্রধানমন্ত্রীর কাছে দেশের সেনাবাহিনীর নতজানু হওয়া উচিত। এই সব মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মশিবিরকে। তাই বিরক্ত মোদি সহ দলের শীর্ষ নেতৃত্ব। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন প্রধানমন্ত্রীর পরামর্শ, সবসময় সতর্ক থাকতে হবে। যে কোনও জায়গায়, যে কোনও বিষয়ে দুমদাম মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।